২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার জুরাইনে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে জখম

ঢাকার পূর্ব-দক্ষিণ প্রান্তের কদমতলী থানার জুরাইনের একটি বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে জখম করছে দুর্বৃত্তরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2019, 12:43 AM

Updated : 18 Aug 2022, 05:44 PM

বৃহস্পতিবার দুপুরে কয়েকজন জুরাইন মেডিকেল রোডের আব্দুর রব বেপারীর বাসায় ঢুকে তার স্ত্রী মমতাজ বেগম (৪৫) এবং কন্যা রুমা আক্তারকে (১৯) এলোপাতাড়ি কোপায় বলে পুলিশ জানিয়েছে।

এই হামলার পর শহীদুল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রব বেপারীর দোকানের কর্মচারী ছিলেন।

রুমা কনফেকশনারি নামে একটি দোকান রয়েছে রব বেপারীর।

রুমার চাচাত ভাই জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দোকানের কর্মচারী ছিল শহীদুল। মাদকাসক্ত হওয়ায় দুই বছর আগে তাকে বাদ দেওয়া হয়েছিল।

এখন হামলার কারণ কী- জানতে চাইলে জাকির বলেন, কিছুদিন আগে শহীদুল এক মেয়েকে নিয়ে তার চাচার বাসায় এসেছিল। শহীদুল মেয়েটির পরিচয় ঠিকমতো দিতে না পারায় তার চাচি ধমক দিয়ে তাদের বাসা থেকে বের করে দিয়েছিলেন।

তার জের ধরেই এই হামলা হয়েছে বলে জাকিরের ধারণা। তিনি বলেন, হামলার সময় স্থানীয়রা শহীদুলকে ধরে ফেলে, তার সঙ্গীরা পালিয়ে যায়।
কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনায় মামলা হয়েছে। কী কারণে শহীদুল এই হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

মমতাজ ও তার মেয়ে রুমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, হামলায় দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

রব বেপরীর বাড়ী শরীয়তপুর জেলা সদর থানার শৈলপাড়া গ্রামে।