২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক মামুনকে স্মরণ

প্রয়াত সাংবাদিক মামুনুর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকিীতে তাকে স্মরণ করছেন সহকর্মী, বন্ধু, তার বিশ্ববিদ্যারয়ের শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2019, 06:21 PM

Updated : 10 Oct 2022, 09:21 PM

মামুন স্মরণে সভাটি মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে অনুষ্ঠিত হয়।

নড়াইলের লোহাগড়ায় জন্ম নেওয়া মামুনুর রশিদ গতবছরের ৩ সেপ্টেম্বর মাত্র ৩৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করা মামুন তখন একুশে টেলিভিশনে কর্মরত ছিলেন এবং প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এশিয়ান টিভি ও বাংলাভিশনেও কাজ করেছেন।

মামুনের স্মরণসভায় এসেছিলেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

সাংবাদিক মামুনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “মামুন অত্যন্ত প্রাণোচ্ছল ছিল। কখনও তাকে বিমর্ষ দেখিনি। তার বন্ধু-বান্ধব, সহকর্মী এমনকি আমরা যারা সিনিয়র ছিলাম তাদের সাথেও প্রাণোচ্ছল থাকতে দেখা গেছে। যেকোনো মজলিশে তার মতো পারদর্শী আর কাউকে দেখিনি। মামুনের এতো তাড়াতাড়ি চলে যাওয়ায় মনে হয়েছে, তার জীবনের যত দুঃখ-কষ্ট সেগুলো যেন আমাদের জন্যই রেখে গেছে।”

তিনি বলেন, “সাংবাদিক হিসেবে মামুন যেভাবে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছে, তা বর্তমান সময়ে সবার জন্য শিক্ষণীয়। মামুন যে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সাংবাদিকতা করত তাও শিক্ষণীয়।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মামুনের শিক্ষক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “সেই প্রথম বর্ষ থেকেই বুদ্ধিদীপ্ত চেহারার মামুন ক্লাসে কম কথা বলত কিন্তু প্রশ্ন করত সঠিক সময়ে। এগুলো সে সময়েই আমাকে তার প্রতি একটা ভিন্ন ধারণা দিয়েছিল যে, এই ছেলের মাঝে একটি সম্ভাবনা আছে। কিন্তু সেই সম্ভাবনাময় জীবন এতো সংক্ষিপ্ত হবে সেটি কখনও অনুমান করিনি।”

“মামুনের জীবন সংক্ষিপ্ত ছিল। কিন্তু এই সংক্ষিপ্ত জীবনেই সে যে দৃষ্টান্তগুলো রেখে গেছে তা সংক্ষিপ্ত নয়। আমি আশা করব, সাংবাদিকরা তো বটেই, তরুণ প্রজন্ম মামুনের জীবনের সেই দৃষ্টান্তগুলো থেকে শিক্ষা নেবে।”

সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল একুশে টেলিভিশনে মামুনের কাজের স্মৃতিচারণ করে বলেন, “মামুন যে পর্যায়ে যেভাবে সাংবাদিকরা করত, চাইলে সহজেই অনেক টাকার মালিক হতে পারত। কিন্তু তার সেই চিন্তাই ছিল না। মৃত্যুর পর তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র কয়েক হাজার টাকা ছিল।”

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী, সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ডাকসুর জিএস গোলাম রাব্বানী, ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনসহ মামুনের সহপাঠি ও সহকর্মীরা।

অনুষ্ঠানে ঘোষণা করা হয়, প্রয়াত এই সাংবাদিকের নামে সড়ক হবে তার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায়। সেখানকার সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এ আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়।