২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সদরঘাট থেকে ২ জঙ্গি গ্রেপ্তার

ঢাকার সদরঘাট থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2019, 08:03 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন বরিশাল বিএম কলেজে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ ইমু (২২) এবং বরিশালের বানারীপাড়ার একটি স্কুলের শিক্ষক সহিফুল ইসলাম সাইফ (৩১)।

র‌্যাব-২ কর্মকর্তা পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরিশাল থেকে ছেড়ে আসা এম ভি তাসরিফ নামের লঞ্চটি ভোরে সদরঘাট টার্মিনালে পৌঁছলে যাত্রীদের মাঝ থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রচারপত্র, বইসহ বিভিন্ন প্রচার সামগ্রী পাওয়া যায়।”

ইমু গত দেড় বছর ধরে ‘উম্মা’ এবং ‘আইবিএডিবিএইচ ২৪.কম’ নামে নেটওয়ার্ক খুলে উগ্রবাদী কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে দাবি করেন র‌্যাব কর্মকর্তা ফারুকী।

তিনি বলেন, সংগঠনের সক্রিয় সদস্য সাইফ নারী সদস্যদের সংগ্রহ এবং তাদের প্রশিক্ষণের কাজ করে আসছেন।