২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কপি-পেস্ট’: প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৬২৫ কোটি টাকায় অডিট আপত্তি

আগের অর্থ বছরের মঞ্জরি আদেশ নম্বর ‘কপি-পেস্ট’ করে পরবর্তী অর্থ বছরে আদেশ জারি করায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৬২৫ কোটি ৭৭ লাখ ৫৩ হাজার টাকার ব্যয়ে অডিট আপত্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2019, 12:16 AM

Updated : 18 Aug 2022, 05:42 PM

মন্ত্রণালয় ও হিসাব রক্ষণ অফিসের নজর এড়িয়ে পুরো একটি অর্থ বছরের ব্যয় নির্বাহ হয়েছে। ফলে পুরো অর্থ বছরের ব্যয়ের ওপর অডিট আপত্তি হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কম্পিউটারে সফটকপি আকারে রক্ষিত পূর্ববর্তী অর্থ বছরের (২০১৬-১৭) মঞ্জুরি আদেশ কপি করে পরবর্তী অর্থ বছরের (২০১৭-১৮) বিভাজন ও অর্থ ছাড়ের মঞ্জুরি আদেশ জারি করা হয়। এই ভুল আদেশটির বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে কোনো আপত্তি না হওয়ায় এবং বিল যথাযথভাবে প্রদান করায় মঞ্জুরি নম্বর পরিবর্তনের বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসেনি।

সংসদীয় কমিটির চাহিদার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ১৯৭২ সাল থেকে বর্তমান পর্যন্ত সব অডিট আপত্তির তথ্য উপস্থাপন করেছে।

এতে দেখা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থাগুলোর স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রায় ১৪ হাজার ৩২৬টি অডিট আপত্তি হয়েছে। এর এক-তৃতীয়ংশ অনিষ্পন্ন রয়েছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, গত ২০১৭-১৮ অর্থ বছরের উন্নয়ন খাতের বাজেটে ৬২৫ কোটি ৭৭ লাখ ৫৩ হাজার টাকা মঞ্জুরি নম্বর ৪০ এর পরিবর্তে অনিয়মিতভাবে মঞ্জুরি নম্বর ৩৯ হতে ছাড় করায় পুরো টাকার অডিট আপত্তি হয়েছে।

কার্যপত্রে দেখা যায়, অর্থ বিভাগের প্রকাশিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট বইয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মঞ্জুরি নম্বর ছিল ৩৯। ২০১৭-১৮ অর্থ বছরে এ মঞ্জুরি নম্বর পরিবর্তন করে ৪০ করে অর্থ মন্ত্রণালয়।

কিন্তু আগের অর্থ বছরের মঞ্জুরি আদেশ নম্বর ব্যবহার করে এ অর্থ বছরের বিভাজন ও অর্থ ছাড়ের আদেশ জারি করে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় ২০১৭-১৮ অর্থ বছরের উন্নয়ন খাতের বরাদ্দের পুরো টাকা ব্যয় করেছে। যার কারণে অডিট আপত্তি হয়েছে।

এ ভুলটিতে ‘অনিচ্ছাকৃত’ ও এতে সরকারের ‘আর্থিক কোনো ক্ষতি বা অপচয় হয়নি’ বলে মন্ত্রণালয় থেকে কমিটিকে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

এই ‘অনিচ্ছাকৃত‘ ভুলটি ধারাবাহিকভাবে ২০১৮-১৯ অর্থ বছরেও চলে আসে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে।

মঞ্জুরি আদেশের এ ভুলের বিষয়টি ২০১৭-১৮ অর্থ বছরের অডিট টিমের পর্যবেক্ষণে উঠে আসায় মন্ত্রণালয়ের নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে মঞ্জুরি আদেশ পরিবর্তনের একটি সংশোধনী আদেশ এরইমধ্যে জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে, এই অডিট আপত্তিটি নিষ্পত্তি হয়েছে কি না, মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

অডিট আপত্তির বিষয়ে কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, “আমরা মন্ত্রণালয়ের অডিট আপত্তির তথ্য চেয়েছিলাম। তারা উপস্থাপন করেছে। আমরা অনিষ্পত্ত অডিট আপত্তি দ্রুত নিস্পত্তির অনুশাসন দিয়েছি। ভবিষ্যতে অডিট আপত্তি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছি। কারণ অডিট আপত্তি হলে মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, ছোট মনির, নাজমা আক্তার, শামীমা আক্তার খানম এবং কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।