এসি বাস: কোনো নিয়ম-কানুনের মধ্যে নেই তারা
রাজধানীসহ সারা দেশে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া সরকার নির্ধারণ করে দিলেও তার আওতায় নেই শীতাতপ নিয়ন্ত্রিত বাস, এই সুযোগে নিজেদের ইচ্ছেমতো ভাড়া আদায় করছে ক্রমশ ঢাকায় জনপ্রিয় হয়ে ওঠা এই সেবা দাতা কোম্পানিগুলো।
যাত্রী স্বার্থ বিবেচনার বাইরে গিয়ে কোম্পানিগুলো মনমতো ভাড়া আদায়ের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে একই রুট, একই দূরত্বে চলাচলকারী রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির সঙ্গে অন্যগুলোর ভাড়ার ব্যবধানে।
কিলোমিটারের হিসাবে সবচেয়ে বেশি ভাড়া নেওয়া হয় গুলশান-বনানী এলাকার ঢাকা চাকায়। এর বাইরে এসি বাসের সেবাদাতা প্রায় সবকোম্পানির বিরুদ্ধে যাত্রীদের অভিযোগ, অনেক জায়গায় স্টপেজ থাকলেও সেভাবে ভাড়া নির্ধারণ না করে অল্প দূরত্বের জন্যও বেশি টাকা গুণতে হচ্ছে তাদের।
গণপরিবহনের সংকটের এই শহরে ওই সব বাস কোম্পানির কাছে ‘জিম্মি’ হয়ে আছেন অভিযোগ করে ভাড়া ঠিক করে দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন যাত্রীদের কয়েকজন।
তবে তাতে আগ্রহী নয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। সংস্থার পরিচালক (রোড সেফটি) মাহবুব-ই-রব্বানী বলছেন, এটা বিশেষ সেবা, এখানে নিয়ম-কানুন আরোপ করতে গেলে তারা চালাতে পারবে না।
সারা দেশে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সংখ্যার কোনো হিসাব পাওয়া যায়নি বিআরটিএ থেকে।
তবে বাংলাদেশ-বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের হিসেবে দূরপাল্লার রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাস আছে কয়েকশ। আর বিআরটিসির বহরে নতুন পুরাতন মিলিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সংখ্যা ৪১৩টি। রাজধানী ও রাজধানীর আশপাশের কয়েকটি রুটে এসব বাস চলাচল করে।
কিলোমিটার প্রতি ভাড়া হিসাব করে দেখা গেছে, সবচেয়ে কম ভাড়া বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত বাসে। সবচেয়ে বেশি ভাড়া ঢাকা চাকা, গুলশান চাকা ও গ্রিন ঢাকা পরিবহনের।
২০১৬ সালে বিআরটিএ’র নির্ধারণ করে দেওয়া সর্বশেষ ভাড়ার তালিকা অনুযায়ী, রাজধানীতে চলাচলকারী বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের ভাড়া ১ টাকা ৬০ পয়সা। আন্তঃজেলা রুটের বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটার প্রতি ১ টাকা ৪২ পয়সা। তবে ঢাকায় যাত্রী পরিবহনকারী এসি বাসগুলোর ভাড়া পর্যালোচনা করে দেখা গেছে, তাদের সবার ভাড়াই এই হারের কয়েক গুণ। সবচেয়ে কম বিআরটিসির এসি বাসে, তাও এই হারের দ্বিগুণ।
মতিঝিল থেকে রামপুরা হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত চলাচলকারী গ্রিন ঢাকা পরিবহনের বাসের ভাড়া ১০০ টাকা, কিলোমিটার প্রতি ৪ টাকা ৭৬ পয়সা। এই বাসের সর্বনিম্ন ভাড়া ৬০ টাকা, অর্থাৎ বাসে উঠলেই আপনাকে এই টাকা দিতে তা আপনি যে দূরত্বেই যাবেন না কেন।
মতিঝিল থেকে ফার্মগেইট হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত ২২ দশমিক ৫ কিলোমিটার পথে বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া ৬০ টাকা। প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৬৭ পয়সা। এই বাসে সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা, শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন ২০ টাকা ভাড়া রাখা হয়।
মতিঝিল থেকে গুলিস্তান, রামপুরা হয়ে উত্তরা দিয়াবাড়ি খালপাড় পর্যন্ত বিআরটিসির আরেকটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবা রয়েছে। এই রুটের ভাড়া ৭০ টাকা, কিলোমিটার প্রতি ভাড়া দুই টাকা ৯৭ পয়সা। এতে সর্বনিম্ন ভাড়া রাখা হয় ৩০ টাকা।
মিরপুর ডিওএইচএস থেকে ইসিবি চত্বর, ঢাকা সেনানিবাস হয়ে কারওয়ান বাজার পর্যন্ত চলাচলকারী ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া ৫৫ টাকা। ১৩ কিলোমিটার দূরত্বের এই রুটে প্রতি কিলোমিটারের ভাড়া আসে ৪ টাকা ২৩ পয়সা। এই পরিবহনে ১০, ১৫, ২০ টাকারও টিকেট আছে।
কাকলী থেকে নতুন বাজার এবং গুলশান শ্যুটিং ক্লাব থেকে গুলশান ২ নম্বর পর্যন্ত চলাচলকারী ঢাকা চাকা পরিবহনের বাস ভাড়া ১৫ টাকা। আড়াই কিলোমিটার দূরত্বের এ পথে কিলোমিটার প্রতি ভাড়া দিতে হয় ৬ টাকা। নতুন বাজার থেকে কাকলী পর্যন্ত আড়াই কিলোমিটার দূরত্বের ভাড়াও ১৫ টাকা, কিলোমিটার প্রতি ৬ টাকা। এই পথে সম্প্রতি গুলশান চাকা নামে একটি পরিবহন সেবা যুক্ত হয়েছে। এর ভাড়াও ১৫ টাকা।
মতিঝিল থেকে সাভার পর্যন্ত ২৭ দশমিক ৭ কিলোমিটার দূরত্বে লালসবুজ পরিবহনের ভাড়া ১০০ টাকা। কিলোমিটার প্রতি ভাড়া ৩ টাকা ৬১ পয়সা। এই বাসে সর্বনিম্ন ভাড়া ৫০ টাকা।
মতিঝিল থেকে মানিকগঞ্জের দূরত্ব ৬৫ কিলোমিটার। মানিকগঞ্জ এসি লিংক পরিবহনের বাসের ভাড়া রাখা হয় ২০০ টাকা। প্রতি কিলোমিটারের ভাড়া আসে ৩ টাকা ৫ পয়সা। এই বাসে ২০০ টাকার নিচে কোনো ভাড়া নেই।
গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের দূরত্ব ১৮ কিলোমিটার। এই পথে বিআরটিসি এবং শীতল পরিবহনের ভাড়া ৫৫ টাকা। কিলোমিটার প্রতি ৩ টাকা ৫ পয়সা ভাড়া আসে।
মতিঝিল-উত্তরা রুটের বাসগুলোর অনেকগুলো কাউন্টার থাকলেও সেভাবে ভাড়া নির্ধারণ না করায় ক্ষোভ জানিয়ছেন যাত্রীরা।
গ্রিন ঢাকা পরিবহনের বাসের মতিঝিল থেকে গুলিস্তান, পল্টন, কাকরাইল, রামপুরাবাজার, রামপুরা ব্রিজ, নতুন বাজার, বসুন্ধরা পর্যন্ত কাউন্টার আছে। আবার আব্দুল্লাহপুর থেকে হাউজ বিল্ডিং, আজমপুর, জসিম উদ্দিন, বিমান বন্দর, খিলক্ষেত, কুড়িল,নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ থেকেও যাত্রী নেয় পরিবহনটি।
যাত্রাপথে গুরুত্বপূর্ণ প্রায় বাসস্টপেজে থামলেও সর্বনিম্ন ভাড়া ৬০ টাকা নেওয়ায় ক্ষোভ জানান যাত্রীরা। বিশেষ করে কম দূরত্বে চলাচলকারী যাত্রীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, “আমরা সবাই তাদের কাছে জিম্মি। নইলে উঠলেই ৬০ টাকা ভাড়া দিতে হবে কেন? তারা যদি গুলিস্তান থেকে ছেড়ে সোজা উত্তরা চলে যেত, অন্য কোথাও থেকে যাত্রী না উঠাত তাহলে একটা কথা ছিল। কিন্তু এই বাস সব স্টপেজ থেকেই যাত্রী তোলে। মানুষ একটু আরামের জন্য এসি বাসে চড়ে। এজন্য যা খুশি তাই ভাড়া নিতে হবে, সেটাও ঠিক না।”
কুড়িল বিশ্বরোডের বাসিন্দা সারওয়ার হোসেন বলেন, গণপরিবহন সঙ্কট থাকায় অনেকটা বাধ্য হয়ে এই বাসে উঠতে হয়।
“৫০০ টাকা অটোরিকশা ভাড়ার চেয়ে ১০০ টাকায় এসি বাসে যাওয়া ভালো। কিন্তু তাদের ভাড়া অনেক বেশি। তারা যেহেতু অনেকগুলো স্টপেজে থামায় সেজন্য ভাড়ারও কয়েকটি ধাপ রাখতে পারত। আমরা যেতে বাধ্য বলে তারা যা খুশি করছে।”
ভাড়ার বিষয়ে জানতে চাইলে গ্রিন ঢাকা পরিবহনের পরিচালক মমিনুল্লাহ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভালো সেবা পেতে হলে ভাড়াটা বেশিই দিতে হবে।
যাত্রীদের চাহিদার কারণেই বেশি কাউন্টার এবং ভাড়ার বেশি ধাপ রাখা হচ্ছে না বলে দাবি করেন তিনি।
“আমরা প্রথমে ভাড়ার কয়েকটি স্ল্যাব করেছিলাম। কিন্তু আমাদের এই গাড়ির বেশিরভাগ যাত্রীই উত্তরা এলাকার এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন এমন। তারা চায় না অনেকগুলো স্টপেজ থাকুক। তারা আমাদের বলে ‘আপনারা কাউন্টার কম রাখেন, প্রয়োজনে ভাড়া বাড়ান। তারপরও ঘনঘন কাউন্টার দেবেন না।’ ভালো সেবা পেতে হলে ভাড়াটা একটু বেশি দিতেই হবে। নইলে শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবা দেওয়া সম্ভব হবে না।”
ঢাকা চাকা বাসের নিয়মিত যাত্রী ভাটারার বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, এই পথে অন্য কোনো বাহন না থাকায় সুযোগ নিচ্ছে ঢাকা চাকা।
“রিকশা নাই, অন্য কোনো বাসও নাই। ফলে তারা তাদের ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। আগে এই পথটুকু ৫ টাকায় যাইতাম, এখন ১৫ টাকা দেওয়া লাগে।”
ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে না বলে দাবি করেন ঢাকা চাকা-এর হিসাবরক্ষক সুভাস বিশ্বাস। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত বাসের খরচ অন্য বাসের চেয়ে বেশি।
“আমাদের গাড়িগুলো ডুয়েল ইঞ্জিন, এ কারণে ফুয়েল কস্ট বেশি। এসব গাড়ির রক্ষণাবেক্ষণ খরচও বেশি। সার্বক্ষণিক এসি চালু রাখতে হয়। এছাড়া অফিস খরচ, ডিপো ভাড়া রয়েছে। ফলে এর চেয়ে কম ভাড়া নিলে সার্ভিস চালু রাখা যাবে না।”
শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া নিয়ে নীতিমালা থাকা দরকার বলে মনে করেন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ।
তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশে অনেক ধরনের শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলে। এজন্য কাজটা একটু কঠিনও।
“আমাদের এখানে ২৭, ৩১ সিটের গাড়ি আছে। টু সিটার, টু প্লাস ওয়ান, ৩৬ ও ৪০ সিটের গাড়ি আছে। আবার হিনো, হুন্দাই, মিৎসুবিশি, ইসুজু, টাটা, অশোক লিল্যান্ডসহ নানা কোম্পানির নানা দামের গাড়িও চলে। এখনও এগুলোর গ্রেডিং করতে পারিনি। যে যে রকম সার্ভিস দিচ্ছে সে হিসেবে ভাড়া আদায় করছে। এতে যাত্রীরা যে খুব অসুবিধায় পড়ছে এমন না। আবার মালিকরাও কোনো সমস্যায় পড়ছে না।”
তবে বিষয়টি নিয়ে মালিকরাও একটু ‘দ্বিধাদ্বন্দ্বে’ আছে জানিয়ে রমেশ ঘোষ বলেন, এটা একটা পর্যায়ে গিয়ে হয়ত ঠিক হবে।
“আমরাও সে রকম চিন্তা ভাবনা করছি। এটা একটা পর্যায়ে যাবে। গ্রেড-১, গ্রেড-২, গ্রেড-৩ এ ধরনের শ্রেণি হিসাব করে ভাড়ার বিষয়টি ঠিক হতে পারে। আগে আমরা ক্যাটাগরি ভাগ করে নিই।”
তবে বিআরটিএ কর্মকর্তা মাহবুব-ই-রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া নির্ধারণ করে দেওয়া কঠিন। ভাড়া নির্ধারণ করে দিতে গেলে অনেক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান ‘টিকতে পারবে না’।
“আমাদের এখানে যেসব শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি চলে করে তাদের একেকটার দাম একেক রকম। এজন্য মডেল ভেদে ভাড়া নির্ধারণ করতে হবে। সেটা একটা জটিল প্রক্রিয়া। তবে সরকার চাইলে ভাড়া নির্ধারণ করে দিতে পারে। কিন্তু আমার মনে হয় এটি একটি বিশেষ সেবা। এখানে অনেক নিয়মকানুন ইমপোজ করতে গেলে তারা চালাতে পারবে না।”
