২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরির জন্য ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার এক আসামি রিমান্ডে

চাকরি দেওয়ার ডেকে নিয়ে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ফাহিম আহমেদ ফয়েজকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 08:29 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ আসামিকে হাজির করে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেন। আসামিপক্ষে জামিনের আবেদন হলেও শুনানি করেননি আইনজীবী।

হেফাজতের আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী তিন দিনে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, চাকরির জন্য সাক্ষাৎকার দিতে মঙ্গলবার বিকেলে ২০ বছর বয়সী ওই তরুণী শ্যামলী মেইন রোডের ৩৫/১/বি নং বাড়ির পঞ্চম তলায় যান। আসামি ফাহিম (৩১) বসতে দিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। এক পর্যায়ে তাকে সিগারেট ও ওয়াইন পানের প্রস্তাব দিলেও ওই তরুণী রাজি হননি।

পরে তার দেওয়া ‘রেড ওয়াইন মেশানো’ কোকাকোলা পান করলে ওই তরুণী শারীরিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। তখন প্রথমে ফাহিম ও পরে নাহিদ পাটোয়ারী (৩২) নামে আরেকজন তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই তরুণী অচেতন হয়ে পড়েন। চেতনা ফিরলে তিনি সেখান থেকে চলে যান। পরদিন থানায় মামলা করেন।

এর আগে বুধবার রাত ১টার দিকে শ্যামলীর তিন নম্বর রোডের ওই  পাঁচতলা থেকে একটি বেসরকারি ক্লিনিকের প্যাথলজির কর্মী ফাহিমকে পুলিশ গ্রেপ্তার করে।

শেরেবাংলা থানার ওসি জানে আলম মুনশী জানান, ওই তরুণী ধানমণ্ডির মেসে থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে পড়াশুনা করেন। ফেইসবুকে প্যাথলজিতে নিয়োগের বিজ্ঞাপন দেখে ফোন করে ওই বাসায় গিয়েছিলেন তিনি।

যে গ্লাস দিয়ে ওই তরুণীকে কোক খাওয়ানো হয়েছিল সে গ্লাস জব্দ করার কথাও জানান তিনি।

মামলার অপর আসামি নাহিদ পাটোয়ারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।