ঢাকায় দুর্বৃত্তের ছুরিতে আহত দশ বছরের শিশু
রাজধানীর শ্যামপুরে দশ বছরের শিশুকে ছুরি মেরে আহত করেছে এক যুবক।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই ঘটনার পর ইমরান নামের ওই যুবককে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।
বুকের বাম দিকে এবং হাতে গুরুতর জখম হওয়া শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশুটির খালা সাবিনা হাসপাতালে সাংবাদিকদের জানান, দুপুর ২টার দিকে তার ভাগ্নে শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন বাসা থেকে বের হয়ে কাছেই মাজার গলিতে গেলে ইমরান তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
শ্যামপুর থানার এসআই তন্ময় মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইমরান এলাকায় বখাটে হিসেবে পরিচিত। সে পুলিশকে বলেছে শিশুটি তার এক সহযোগীকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।”
তবে ইমরানের কথা কতটুকু সত্য তা যাচাই করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা তন্ময়।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, শিশুটির অবস্থা শংকামুক্ত নয়। ২৪ ঘণ্টার আগে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা যাবেনা।
