কৃষ্ণার পা হারানো: ক্ষতিপূরণের প্রস্তাব প্রত্যাখ্যানের পর মামলা
ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের ক্ষতিপূরণের প্রস্তাব প্রত্যাখ্যানের পর মামলা করেছেন বাসের চাপায় পা হারানো বিআইডব্লিউটিসি কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর স্বামী রাধে দেব চৌধুরী।
বুধবার বিকালে তিনি ঢাকার হাতিরঝিল থানায় মামলাটি করেন।
এতে তিনজনকে আসামি করা হয়েছে বলে ওসি মো. আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আসামিরা হলেন বাসটির মালিক, চালক এবং চালকের সহকারী।
থানার এসআই দীপঙ্কর চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চালকের নাম মোরশেদ জানা গেলেও বাকি দুজনের নাম জানা যায়নি।
এখনও কেউ গ্রেপ্তার না হলেও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
এসআই দীপঙ্কর জানান, মামলায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গুরুতর জখম করার অভিযোগ আনা হয়েছে।
হত্যারচেষ্টার অভিযোগের ধারা যুক্ত না হওয়ার প্রসঙ্গে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে এজাহারের ধারাগুলো যুক্ত করা হয়েছে।
“তদন্তে যদি হত্যার চেষ্টার বিষয়ে কোনো কিছু প্রমাণিত হয়, তা হলে সেই ধারা যুক্ত করে চার্জশিট দেওয়া হবে। কাউকে কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না।”
বুধবার বিকালে এই মামলা দায়েরের আগে ট্রাস্ট ট্রান্সপার্ট কর্তৃপক্ষের তরফ থেকে কৃষ্ণা রায়কে দুই লাখ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব ফিরিয়ে দেয় তার প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাস্ট পরিবহনের মালিক সমিতির কয়েকজন প্রতিনিধি দুপুরে বাংলামোটরে বিআইডব্লিউটিসির কার্যালয়ে এসেছিলেন।
“তারা বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাসের সঙ্গে কথা বলেন। সেখানে কৃষ্ণার স্বামী রাধে দেবও ছিলেন। সে সময় মালিক সমিতির প্রতিনিধিরা ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা দিতে চেয়েছিল।”
তাদের প্রস্তাব প্রত্যাখ্যানের পর থানায় মামলা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক (অর্থ) কৃষ্ণা রায় এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার বাংলামোটরের অফিস থেকে বেরিয়ে বাড়ি ফিরতে সড়কের পাশের ফুটপাতে বাসের অপেক্ষায় ছিলেন কৃষ্ণা। তখন ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে চাপা পড়েন তিনি, এতে তার বাম পা কেটে ফেলে দিতে হয়।
