ওসি মোয়াজ্জেমের জামিনের আবেদন শুনবে হাই কোর্ট
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাই কোর্ট।
মঙ্গলবার আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে আগামী ১৩ অক্টোবর শুনানির জন্য দিন রেখেছে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসান উল্লাহ ও রানা কাওসার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরওয়ার হোসেন বাপ্পী ও সহকারী অ্যাটর্নি জেনারেল শাহানা পারভীন।
এ মামলার বাদী আইনজীবী সায়েদুল হক সুমনও আবেদন গ্রহণে আপত্তি জানিয়ে শুনানি করেন।
পরে আইনজীবী আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামিনের জন্য যে আপিল করা হয়েছিল সে আপিল গ্রহণ করেছেন আদালত। পেপারবুক তৈরি করতে হবে না। ১৩ অক্টোবর শুনানির জন্য তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে।”
জামিনের পক্ষে কী যুক্তি দিয়েছেন জানতে চাইলে এ আইনজীবী বলেন, “জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে। যে ভিডিওটির কারণে মামলা হয়েছে সে ভিডিওতে অশ্লীল কোনো কথা নেই। তারপরও উনার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি (মোয়াজ্জেম হোসেন) অ্যারেস্ট হয়েছেন। জামিন না পাওয়ার মতো কোনো কারণ নেই যেহেতু সাক্ষ্য হচ্ছে।”
শুনানিতে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক প্রশ্ন রেখেছিলেন, যে ভিডিওটা উনি (ওসি মোয়াজ্জেম হোসেন) ধারণ করেছিলেন সেটি কীভাবে ছড়িয়েছে?
জবাবে আইনজীবী আহসান উল্লাহ বলেন, “ভিডিওটি কীভাবে ছড়িয়েছে এটা তো বলা সম্ভব না। আমার ধারণা উনি সৎ উদ্দেশ্য নিয়েই হয়ত ফেইসবুকে দিতে পারেন। তবে উনি যেটা বলেছেন যে, ফোনটা রেখে নামাজ পড়তে গিয়েছিলেন, তখন উনার ফোন থেকে সেটা ট্রান্সফার করে নেওয়া হয়েছে। তদন্তে এসেছে যে সাংবাদিক সজল সাহেবের ফোন থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
“আমার বক্তব্য হচ্ছে, যার ফোন থেকেই ভাইরাল হোক এটা এখন পর্যন্ত অনলাইনে আছে। এটা যদি অশ্লীল হত, খারাপ হত তাহলে মামলার বাদী আদালতে আবেদন দিয়ে ভিডিওটি প্রত্যাহারের আবেদন জানাতে পারতেন। সেটি তিনি কেন করেননি? বরং এই ভিডিওটির কারণে নুসরাতের বিচারের পক্ষে জনমত তৈরি হচ্ছে। অতএব বোঝা যায়, উনি সঠিক কাজ করেছিলেন, ভালো কাজ করেছিলেন। উনাকে পুরস্কৃত করা উচিৎ ছিল, কিন্তু উনি একটি ক্যাচালের মধ্যে পড়ে গেছেন।”
বাদী সায়েদুল হক সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোয়াজ্জেম হোসেন সাময়িকভাবে বরখাস্ত একজন পুলিশ কর্মকর্তা। উনি এখনও পুলিশের একজন সদস্য। উনাকে জামিন দেওয়া হলে পুলিশের সকল ক্ষমতা ব্যবহার করে মামলার সাক্ষীকে ডিস্টার্ব করতে পারেন।”
আইনজীবী সুমন বলেন, “মোয়াজ্জেম হোসেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে যখন এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তখনই আইনের কাছে এসে বলতে পারতেন, আমি নির্দোষ। তা তিনি করেননি। গ্রেপ্তারি পরোয়ানা জারির ২০ দিন পর উনাকে গ্রেপ্তার করতে হয়েছে। এর মানে আইনের প্রতি উনি শ্রদ্ধাশীল না। সুতরাং তাকে জামিন দেওয়াটা ঠিক হবে না।”
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ১৭ জুলাই সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ১ সেপ্টেম্বর এই মামলায় দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণের তারিখ রয়েছে।
মোয়াজ্জেমের জামিনের জন্য গত ৫ অগাস্ট দ্বিতীয়বারের মতো হাই কোর্টে এই আবেদন হয়। এর আগে গত ৯ জুলাই তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছিল বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ।
কারও দায়িত্ব পালনে অবহেলার কারণে কোনো অপরাধ ঘটে থাকলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির দায়ও যে সমান হয়, ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের আইনজীবীকে সে কথা মনে করিয়ে দিয়ে আবেদনটি খারিজ করা হয়েছিল।
নুসরাত গত মার্চ মাসে তার মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলে সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম তাকে থানায় ডেকে জবানবন্দি নিয়েছিলেন।
তার কয়েক দিনের মাথায় মাদ্রাসার ছাদে নিয়ে নুসরাতের গায়ে অগ্নিসংযোগ করা হলে ওসির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। এ নিয়ে সারাদেশে আলোচনার মধ্যে নুসরাতের সেই জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অগ্নিদগ্ধ নুসরাতের মৃত্যুর পর গত ১৫ এপ্রিল ওই ভিডিও ছড়ানোর জন্য ওসি মোয়াজ্জেমকে আসামি করে ঢাকায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আইনজীবী সৈযয়দ সায়েদুল হক সুমন।
তদন্ত করে পিবিআই জানায়, নুসরাতের জবানবন্দি ভিডিও করে ওসি মোয়াজ্জেম যে তা ছড়িয়ে দিয়েছেন, তদন্তে সেই প্রমাণ মিলেছে।
এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে গত ১৬ জুন গোপনে হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন ওসি মোয়াজ্জেম।
আদালত পরদিন অর্থাৎ ১৭ জুন আবেদনটি শুনানির জন্য রাখলেও ওই দিনই সুপ্রিম কোর্ট এলাকা থেকে ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।
পরে সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হলে ওই দিন আদালত তার জমিন আবেদন খারিজ করে কারাগারে পাঠায়। এরপর থেকে মোয়াজ্জেম হোসেন কারাবন্দি।
সাইবার ট্রাইব্যুনালের সে খারিজ আদেশের বিরুদ্ধে গত ১ জুলাই অনুমতি চেয়ে আবেদন করেন ওসি মোয়াজ্জেমের আইনজীবীরা।
সেই আবেদনটিতেই ২ জুলাই অনুমতি দেয় আদালত; পরে গত ৯ জুলাই উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিলে ৫ অগাস্ট আবার জামিন আবেদন করেন তিনি।
