কৃষি ব্যাংকের ২৬০ কোটি টাকা আত্মসাতে অভিযোগপত্র অনুমোদন
ঋণের নামে কৃষি ব্যাংকের কারওয়ানবাজার শাখা থেকে ২৬০ কোটি ১৮ লাখ টাকা তুলে আত্মসাতের অভিযোগে ব্যাংকটির চার কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক।
সোমবার কমিশন থেকে এই অনুমোদন দেওয়া হয় জানিয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বলেছেন, শিগগিরই আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হবে।
আসামিরা হলেন- কৃষি ব্যাংক কারওয়ান বাজার কর্পোরেট শাখার সাবেক ডিজিএম মো. জুবায়ের মনজুর, সাবেক এজিএম মো. সারোয়ার হোসেন, সাবেক এসপিও মো. আবুল হোসেন ও গোলাম রসুল এবং ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের এমডি জসিম আহমেদ ও পরিচালক ইয়াসমীন আহমেদ এবং মেসার্স রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি মো. হযরত আলী।
তাদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় ২০১৭ সালের ৪ অক্টোবর দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে মামলা করেন।
এরপর তিনি নিজেই মামলাটির তদন্তের দায়িত্ব পান। দীর্ঘ তদন্ত শেষে সম্প্রতি তিনি অভিযোগপত্র কমিশনে জমা দিলে তা অনুমোদন করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে নথিপত্র তৈরি করে ঋণের নামে ব্যাংকটির কারওয়ান বাজার শাখা থেকে গ্রাহক মেসার্স রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেসার্স ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের নামে ফান্ডেড ও নন ফান্ডেড মিলিয়ে ২৬০ কোটি ১৮ লাখ চার হাজার ৪৪৯ টাকা আত্মসাত করা হয়।
