বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে নিতে স্পিকারের আহ্বান
প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর আদর্শ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেছেন, “বাংলার অবিসংবাদিত নেতা, বাঙালির মহাজাগরণের পথিকৃত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালির বৈষম্য ও বঞ্চনার ইতিহাস গভীরভাবে অনুভব করতে পেরে আজীবন তাদের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করে গেছেন। প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম ও সাহসিকতার নজির পৌঁছে দিতে হবে।”
সংসদ ভবনে সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে শিরীন শারমিন এ কথা বলেন।
স্পিকার বলেন, “বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। বাঙালির অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু তার জীবন-যৌবনের বড় অংশ কারাগারে কাটিয়েছেন। তিনি ছিলেন অকুতোভয়, নির্লোভ ও নির্মোহ। অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। মামলা-জেল-জুলুম ও মৃত্যু ভয় তাকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। ফাঁসির মঞ্চে গিয়েও তিনি আপস করেননি।
“পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সকল প্রতিবেদন বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হয় যে জাতির পিতা বঙ্গবন্ধুই ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রাণপুরুষ। ১৯৪৮ থেকে ১৯৫০ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের দিনপঞ্জিকা বিশ্লেষণ করে দেখা যায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বক্ষণই বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন।”
শিরীন শারমিন বলেন, “বঙ্গবন্ধু গভীরভাবে মানুষকে ভালবাসতেন। তিনি বিশ্বাস করতেন জনগণকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে না পারলে অধিকার প্রতিষ্ঠা কিংবা উন্নয়ন কিছুই সম্ভব নয়। তাইতো ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে এক অঙ্গুলি হেলনে দ্ব্যর্থহীন কণ্ঠে স্বাধীনতার ডাক দিয়েছিলেন।”
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বজন হারানোর ব্যাথা ভুলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মন্তব্য করে স্পিকার বলেন, “তার নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। এখন বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক সকল সূচকে উন্নয়নের রোল মডেল।”
সংসদ সচিবালয়ের কর্মচারীদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান স্পিকার।
সংসদ সচিবালয় আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক বক্তব্য দেন।
সংসদ সচিব জাফর আহমেদ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে একটি প্রামাণ্য চিত্রও দেখানো হয় অনুষ্ঠানে।
