খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ‘গোলাগুলিতে’ ৩ ইউপিডিএফ সদস্য নিহত
খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর সঙ্গে ‘গোলাগুলিতে’ ইউপিডিএফ (প্রসিত খীসা) গ্রুপের তিন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার দীঘিনালা উপজেলার বরাদম এলাকায় সেনাবাহিনীর টহলের সময় এঘটনা ঘটে বলে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলেও সময় উল্লেখ করা হয়নি।
তবে ইউপিডিএফ অভিযোগ করেছে, সোমবার ভোরে তাদের তিন সদস্যকে তুলে কৃপাপুর এলাকা থেকে তুলে নিয়ে সকাল ৯টার দিকে বিনন্দাচোখ এলাকায় গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।
নিহতরা হলেন ইউপিডিএফ প্রসিত গ্রুপের সদস্য দীঘিনালার বেতছড়ির ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩৮), ইন্দ্রমনি পাড়ারর তঙ্গারাম চাকমার ছেলে ভুজেন্দ্র চাকমা (৫০) ও হাচিনসনপুর এলাকার সুজিত প্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা ওরফে রাসেল (২৬)।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) দলের ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসীর’ উপস্থিতির খবর পেয়ে দীঘিনালা সেনা জোন থেকে একটি টহল ঘটনাস্থলে পৌঁছেই গুলির মুখে পড়ে। তখন সেনা সদস্যরা পাল্টা গুলি ছুড়ে; আনুমানিক ১০-১৫ মিনিট গোলাগুলি হয়।
“উক্ত গোলাগুলিতে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) দলের তিনজন সন্ত্রাসী নিহত হয়। পরবর্তীতে সেনা টহল উক্ত এলাকায় তল্লাশি করে দুটি পিস্তল (৮ রাউন্ড গুলিসহ), ১টি আমেরিকান এম-৪ অটোমেটিক কারবাইন (৪ রাউন্ড গুলিসহ) উদ্ধার করে।”
খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি রওনক আলম বলেন, সেনাবাহিনীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুপুর ১২টায় তিনটি মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া গোলাবারুদ থানায় আনার পর মামলা দায়ের করা হয়েছে। নিহতদের লাশ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান বলেন, ‘গুলিবিনিময়ে দীঘিনালার দুর্গম গ্রামে তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।”
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা শাখার সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেছেন, “গোলাগুলির তথ্যটি সঠিক নয়। এটি সাজানো নাটক মাত্র।”
অংগ্য মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার ভোরে তার দলের তিন সদস্যকে কৃপাপুর এলাকা থেকে নেওয়ার পর সকাল ৯টার দিকে কয়েক কিলোমিটার দূরে বিনন্দাচোখ এলাকায় নিয়ে গুলি করে হত্যা করা হয়।
অংগ্য মারমা স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে এই ইউপিডিএফ নেতা অভিযোগ করেন, রোববার রাত ২টায় দীঘিনালা উপজেলার কৃপাপুর গ্রামের বাসিন্দা সুমন চাকমার বাড়ি থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নবীন জ্যোতি চাকমা, ভুজেন্দ্র চাকমা ও রুচিল চাকমা ওরফে রাসেলকেগ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর সোমবার সকালে তাদেরকে বিনন্দাচোখ পাহাড়ে নিয়ে কথিত গোলাগুলির নাটক সাজিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করে।
“প্রকৃতপক্ষে সেখানে নিরাপত্তা বাহিনীর সাথে কারোর কোনো প্রকার গোলাগুলির ঘটনা সংঘটিত হয়ন। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়।”
বিবৃতিতে তিনি তিন ইউপিডিএফ সদস্যকে বিনা অপরাধে গ্রেপ্তার ও বিচারবহির্ভুতভাবে গুলি করে হত্যার ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত পূর্বক দোষীদের শাস্তি প্রদানের দাবি জানান।
এদের নিহত হওয়ার আগে ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাদের তিন সদস্যকে গ্রেপ্তারে নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়।
