২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রা: সদরঘাটে যাত্রী আছে, ভিড় নেই

কোরবানি ঈদের দুই দিন আগে সদরঘাটে যাত্রীর চাপ বাড়লেও উপচেপড়া ভিড় দেখা যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2019, 02:40 PM

Updated : 10 Oct 2022, 09:17 PM

লঞ্চ মালিকরা বলছেন, কোরবানির ঈদে চাপ এমনিতেই কিছুটা কম থাকে। তবে শনিবার বিকালে আর রোববার ভোরে যাত্রী কিছুটা বাড়তে পারে।

শুক্রবার সদরঘাট থেকে ১৫০টি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের পথে ছেড়ে যায়। আর শনিবার সকাল ১০টা পর্যন্ত পঁচিশটি লঞ্চ ছেড়ে গেছে বলে বিআইডব্লিউটিএ এর পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা জানান।

তিনি বলেন, “সকালে পন্টুনে যাত্রী ছিল, এখনো আছে, তবে ভিড় যে খুব বেশি তা কিন্তু না।”

এম ভি মিতালী লঞ্চের মাস্টার মাহফুজুর রহমান বলেন, “সকালে ভালো যাত্রী পাওয়া গেছে। তবে রোজার ঈদের সময় পন্টুন যেমন উপচে পড়ে, এই ঈদে অতটা হয় না।”

বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের উদ্যোগই তারা নিয়েছেন। পন্টুনে ও টার্মিনাল পরিষ্কার রাখা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে মশা মারার ওষুধ ছিটানো হচ্ছে।

সদরঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ ২৫৩ জন সদস্য পালা করে ২৪ ঘণ্টা ডিউটি দিচ্ছেন বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মওদুত হাওলাদার জানান।

তিনি বলেন, ৪৬টি ক্লোজড সার্কিট ক্যামেরা দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে।৭ থেকে ১৭ অগাস্ট এই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

মহানগর পুলিশ ছাড়াও, নৌপুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, ফায়ারসার্ভিস ও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক সদরঘাটে দায়িত্বরত আছেন।  

সদরঘাট থেকে প্রতিদিন ৪৩টি রুটের দুই শতাধিক লঞ্চ ছেড়ে যায়।