২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নব্য জেএমবি ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকার ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নব্য জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2019, 01:57 PM

Updated : 18 Aug 2022, 05:37 PM

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরার একটি মসজিদের পাশের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করে বলে শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোহাম্মদ শিবলী আজাদ ওরফে সাদী, শাহ এম আসাদুল্লাহ মর্তুজা কবির ওরফে আবাবিল, মাসরিক আহমেদ, মো. আশরাফুল আল আমিন ওরফে তারেক ও এস এম তাসনিম রিফাত।
“তারা নব্য জেএমবির একটি 'উলফ প্যাকের' সদস্য,” বলেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, তারা দেশের ও বিদেশের কিছু সন্ত্রাসী সংগঠনের অনলাইন প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালাতে ওই স্থানে একত্রিত হয়েছিলেন।

“তারা প্রত্যেকেই এনক্রিপটেড এ্যাপ  সিক্রেট চ্যাটের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ করত।”

শিবলী ও আবাবিল ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী। মাসরিক যশোর এম এম কলেজ থেকে বিবিএ শেষ করেছেন। তারেক ও রিফাত এসএসসি পাস করেছে।

শিবলীর বাড়ি কুমিল্লায়, আবাবিলের বাড়ি বরিশালে, মাসরিকের বাড়ি যশোরে, তারেকের বাড়ি টাঙ্গাইল এবং রিফাতের বাড়ি খুলনায়।
তাদের কাছে ১০টি ডেটোনেটর এমং ৪টি সান ব্যান্ড গ্যাসের বোতল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।