আইন ও বিচার বিভাগের সচিব হলেন গোলাম সরোয়ার
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন মো. গোলাম সরোয়ার।
বুধবার এই নিয়োগের আদেশ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় গোলাম সরোয়ারকে সচিবের দায়িত্ব দেওয়া হয়।
গোলাম সরোয়ার দশম বিসিএস পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল ক্যাডারে যোগ দেন।
১৯৯১ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলা জজ আদালতে প্রবেশন সহকারী জজ পদে যোগ দেওয়ার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।
এরপর ১৯৯৮ সালে সিনিয়র সহকারী জজ, ২০০৩ সালে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২০০৭ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২০১৫ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান।
গোলাম সরোয়ার ২০১৫ সালের ডিসেম্বর থেকে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করছিলেন।
