আ. লীগের সাবেক এমপি শামছুল হক ভূঁইয়াকে দুদকের নোটিস
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শামছুল হক ভূঁইয়া ও তার স্ত্রী ডা. আনোয়ারা হকের সম্পদের হিসাব চেয়ে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার কমিশনের পরিচালক কাজী শফিকুল আলমের সই করা পৃথক নোটিসে আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাদেরকে নির্ধারিত ফরমে সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চাঁদপুর-৪ আসন থেকে সংসদে যান শামছুল হক ভূইয়া।
তাকে পাঠানো নোটিসে বলা হয়েছে, “প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনি স্বনামে/বেনামে আপনার জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন।”
এই নোটিস পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামছুল হক ভূঁইয়াকে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দুদকের প্রধান অফিসে দাখিল করতে বলা হয়েছে।
তার স্ত্রী ডা. আনোয়ারা হককে দেওয়া নোটিসেও একই কথা উল্লেখ করেছেন দুদক কর্মকর্তা কাজী শফিকুল আলম।
সরকারি সম্পত্তি আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এর আগে গত ৭ মে শামছুল হককে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
