খুলনার আ. লীগ নেতা মিজানের বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন বলে সংস্থার জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।
মামলার এজাহারে বলা হয়েছে, খুলনা-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মিজান ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তিনি ‘অবৈধভাবে’ এক কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার সম্পদের মালিক হয়েছেন।
দুদকের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ ২০১৮ সালের ১৬ এপ্রিল মিজানকে এ অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
মিজানুর রহমান সে সময় বলেছিলেন, 'উড়ো চিঠির অভিযোগ’ আমলে নিয়ে দুদক তার বিরুদ্ধে তদন্তে নেমেছে।
গত বছরের ২১ এপ্রিল এক সংবাদ সম্মেলনে মিজানুর দাবি করেন, রাজধানীর গুলশান, বনানী ও বারিধারায় তার নামে কোনো প্লট বা ফ্ল্যাট নেই। খুলনা শহরে তার নামে বাড়ি বা জমি নেই। যা আছে তা তার পৈতৃক সম্পত্তি।
এরপর ২৩ অক্টোবর এই আওয়ামী লীগ নেতাকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিস দেয় দুদক। গতবছর ১৯ নভেম্বর তিনি কমিশনে সম্পদের বিবরণী জমা দেন।
মিজানুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি অফিসের ঠিকাদারি কাজ নিজের পরিবারের সদস্যদের পাইয়ে দিয়ে টাকা আত্মসাৎ এবং মাদকের কারবারে ‘শত কোটি টাকার অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগ পেয়ে এই তদন্তে নেমেছিল দুদক।
