২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষমা স্বরাজের মৃত্যুতে শেখ হাসিনার শোক

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2019, 01:47 AM

Updated : 08 Apr 2022, 04:33 PM

বিজেপি নেত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার মারা যান। তিনি ২০১৪ থেকে গত ৩০ মে পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালেই বাংলাদেশের সঙ্গে ভারতের বহু প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি কার্যকর হয়। এর আওতায় ছিটমহলগুলোর মানুষের বন্দিজীবনের অবসান ঘটে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি (সুষমা) বাংলাদেশের খুব ভালো একজন বন্ধু ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশে একজন ভালো বন্ধুকে হারাল।”

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুষমা স্বরাজের ভূমিকার কথাও স্মরণ করেন শেখ হাসিনা।

শোকবার্তায় সুষমা স্বরাজের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান প্রধানমন্ত্রী।

সৌদি আরবে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এক শোকবার্তায় বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে সুষমা স্বরাজের অবদান বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে।”

তিনিও সুষমা স্বরাজের শোক সন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি সমবেদনা জানান।