২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার মানোন্নয়নে দরকার জাতীয় কৌশলপত্র: ইফতেখারুজ্জামান

শিক্ষার গুণগত মান বাড়াতে একটি কৌশলপত্র প্রণয়নের কথা বলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 07:14 PM

Updated : 08 Apr 2022, 04:32 PM

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, “কৌশলপত্রে স্বল্প, মধ্যম, দীর্ঘমেয়াদী দিক-নির্দেশনা থাকবে এবং পাশাপাশি সুনির্দিষ্ট সময় আবদ্ধ কর্মপরিকল্পনা থাকতে হবে। যার মাধ্যমে আমরা সত্যিকার অর্থে আমাদের বর্তমান তরুণদের পাশাপাশি ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে প্রয়োজনীয় যোগ্যতার সাথে, সামর্থ্যের সাথে আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে প্রতিযোগিতায় টিকে থাকার মত পরিবেশ সৃষ্টি করার মত জায়গায় যেতে পারি।”

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে তরুণদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “যদি আমরা সাফল্য সত্যিকার অর্থে অর্জন করতে চাই টেকসই উন্নয়ন অভিষ্টে, সেখানে যেমন অংশগ্রহণমূলক উন্নয়নের কথা বলা হচ্ছে, তার পূর্বশর্ত হিসেবে আমাদের তরুণ প্রজন্মকে টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে।”

চাকরির কোটা সংস্কার এবং সড়ক নিরাপত্তা আন্দোলনে তরুণদের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “তরুণরা দেখিয়েছে, তারা যখন নিজেদের ওপর দায়িত্ব তুলে নেয়, তুলে নেওয়ার মত পরিবেশ পায় তখন কিন্তু তারা অনেক অর্জন করতে পারে। সেই জায়গাটাতে যাওয়ার মত পরিবেশ সৃষ্টি করা সরকারের দায়িত্ব।

“আইনি কাঠামো এবং প্রাতিষ্ঠানিক পরিবেশ যেটি সৃষ্টি করা হচ্ছে- যেটি বাকস্বাধীনতাকে রুদ্ধ করে, মানুষের মৌলিক অধিকারগুলোকে রুদ্ধ করে, সেগুলো সংস্কার করতে হবে। যাতে তরুণরা তাদের অভিমত প্রকাশের মাধ্যমে অংশগ্রহণ করে তারা কি চায় সেগুলো প্রকাশ করতে পারে এবং সেগুলোর যাতে যথাযথ মর্যাদা দেওয়া হয়, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে।”

শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে মানববন্ধনে ১২ দফা তুলে ধরা হয়।