২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী দিবসের কর্মসূচি থেকে বিলুপ্তপ্রায় ভাষা টিকিয়ে রাখার আহ্বান

‘আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন’ প্রতিপাদ্যে বাংলাদেশে পালিত হল ২৫তম আন্তর্জাতিক আদিবাসী দিবস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 12:58 AM

Updated : 10 Oct 2022, 09:17 PM

দিবস উপলক্ষে সোমবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, সাংস্কৃতিক পরিবেশনা ও শোভাযাত্রা করে বাংলাদেশ আদিবাসী ফোরাম।  

এতে যোগ দিয়ে বিলুপ্তপ্রায় ভাষাগুলো টিকিয়ে রাখতে পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে আদিবাসীদের সংস্কৃতি রক্ষার পরামর্শ দেন রাজনীতিবিদ, অধিকারকর্মী ও শিক্ষকরা।

আদিবাসীদের ভাষা চর্চার অধিকার প্রতিষ্ঠায় তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “আদিবাসী ভাষা চর্চার আগে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি।

“অনুগ্রহপূর্বক এই আত্মনিয়ন্ত্রণের অধিকারের ভুল ব্যাখ্যা করবেন না। এটি কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র থেকে পৃথক হয়ে অন্য একটি রাষ্ট্র গঠন করার অধিকার না।”

এ নিয়ে তিনি আরও বলেন, “সে আত্মনিয়ন্ত্রণের অধিকার- আমি কেমন করে বাঁচতে চাই, কে আমাকে শাসন করবে, কোন ভাষায় আমি পড়াশোনা করব... কোন পর্যায়ে পড়াশোনা করব, আমার স্থানীয় বিচার ব্যবস্থা কেমন হবে।

“সেখানে আমার হাজার বছরের যে ঐতিহ্য, হাজার বছরের যে সংস্কৃতি কতটুকু স্থান পাবে? এ বিষয়গুলোকে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এসবই আত্মনিয়ন্ত্রণের অধিকারের অন্তর্ভুক্ত।”

মিজানুর রহমান বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর অশান্ত পরিবেশ বিরাজ করছে। যে কোনো কারণে তাদের ভিতরে ভীতির সঞ্চার হয়েছে, তারা যেন সমঅধিকার সম্পন্ন নাগরিক নন। আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য সেরকম মানুষের সংখ্যা যেন ক্রমশই হ্রাস পাচ্ছে।”

পার্বত্য শান্তি ‍চুক্তি বাস্তবায়িত হলে ওই অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে-  সরকারের এমন ‘ভাবনার’ সমালোচনা করে সেটাকে ‘খোঁড়া যুক্তি’ হিসেবে উল্লেখ করেন মানবাধিকার কমিশনের এই সাবেক চেয়ারম্যান।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন,“মুক্তিযুদ্ধের পরে অর্ধ শতাব্দী হয়ে আসল, আমরা বাংলাদেশের অভ্যন্তরে আদিবাসী গোষ্ঠী রয়েছে, যে বিভিন্ন জাতি সম্প্রদায়গুলো রয়েছে, তাদের অধিকার দেওয়া দূরের কথা, নতুনভাবে কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছি। লজ্জায় মাথা হেঁট হেয়ে যায়।

Image
আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে নৃত্য পরিবেশন করেন খাসিয়া নারীরা। ছবি: মোস্তাফিজুর রহমান

আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে নৃত্য পরিবেশন করেন খাসিয়া নারীরা। ছবি: মোস্তাফিজুর রহমান

“আত্মনিয়ন্ত্রণ খণ্ডিতভাবে কোনো দিন প্রতিষ্ঠা হতে পারে না। এটাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা না করলে আমাদের মুক্তি নাই।”

ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “২০১০ সালে জাতীয় শিক্ষানীতিতে আমরা পার্লামেন্টে আদিবাসী ভাষার স্বীকৃতি দিলাম। মাত্র ৫টি আদিবাসী ভাষায় বই প্রকাশিত হয়েছে।

“তবে ক্রমাগত উচ্ছেদ, নিপীড়নে তাদের এখন জীবন বাঁচানোই ফরজ। সেখানে এখন ভাষার অধিকার গৌণ। তাদের সংস্কৃতি রক্ষায় সবার আগে মৌলিক অধিকারের প্রশ্ন সামনে রয়ে যাবে।”

পাহাড়ে সংঘাত-সংঘর্ষে  বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার শাসনামলে ‘আদিবাসীদের ব্যবহার’ করেছেন এমন অভিযোগ তুলে তিনি বলেন, “পাহাড়ে সংঘাত তৈরিতে জিয়া পাহাড়ের সংখ্যালঘু সম্প্রদায় আদিবাসীদের ব্যবহার করেছিলেন।

“এরশাদ তাকে অনুসরণ করেছেন। প্রশাসনে এখন যারা রয়েছেন, তারাও  জিয়া ও এরশাদের দৃষ্টিভঙ্গিকেই অনুসরণ করেছি।”

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, “জাতীয় জীবনধারায় সাম্প্রদায়িকতা, দুর্নীতি, সন্ত্রাস, জাতি বিদ্বেষ, অর্থনৈতিক শোষণ নিপীড়ন, ভূমি গ্রাস আজকে বিদ্যমান জাতীয় জীবনে। তা একেবারেই যেন গ্রাস করে ফেলেছে।

Image
কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার বেলুন উড়িয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। ছবি: মোস্তাফিজুর রহমান

কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার বেলুন উড়িয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। ছবি: মোস্তাফিজুর রহমান

“বাংলাদেশর জনগণের জীবনের সার্বিক চিত্রের মতো আদিবাসীদের জীবনে এখন চরম অস্থিরতা। আমি জানি না বাংলাদেশের আদিবাসীদের জাতীয় জীবনে কোন বাস্তবতা দেখা দেবে।”

৯ অগাস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে উদযাপিত হলেও কোরবানির ঈদের ছুটির কারণে এবার তা চার দিন আগেই উদযাপন করল বাংলাদেশ আদিবাসী ফোরাম। এ উপলক্ষে ১৩ দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি।

এগুলোর মধ্যে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে জাতীয় পর্যায়ে একটি ‘আদিবাসী ভাষা ও সংস্কৃতি একাডেমি’ প্রতিষ্ঠার দাবি রয়েছে।

সেই ভাষাগুলো সংরক্ষণ ও বিকাশে নীতিমালা প্রণয়ণ করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশেষ একটি সেল গঠনের দাবিও  আসে  এ সমাবেশ থেকে।

সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। জাতিসংঘের মহাসচিবের বাণী পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ আদিবাসী কালচারাল ফোরাম পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি পরিবেশনার পর গারো সাংস্কৃতিক দল, লিওয়াটানা হাজং সাংস্কৃতিক দল, খাসি সাংস্কৃতিক দলের পরিবেশনা ছিল।

পরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সদস্যরা তাদের বর্ণমালা ও বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জগন্নাথ হলের সড়ক প্রদক্ষিণ করে আবার সমাবেশ প্রাঙ্গনে ফিরে আসে।