২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী ক্রিকেট: প্রথম খেলায় হারল বাংলাদেশ

শারীরিক প্রতিবন্ধীদের পাঁচ জাতির টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম খেলায় আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ দল।

সুলাইমান নিলয়

ইংল্যান্ডের উস্টার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 12:37 AM

Updated : 18 Aug 2022, 05:37 PM

টুর্নামেন্টের প্রথম দিন সোমবার অন্য খেলায় জয় পেয়েছে ইংল্যান্ড। তারা পাকিস্তানকে হারিয়েছে তিন উইকেটে।

দ্বিতীয় খেলায় টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ১৯ ওভার ৫ বল খেলে বাংলাদেশ ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে ১৫ ওভার দুই বলে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। 

আফগানিস্তানের পক্ষে ৮১ রান করা আশরাফ খান কারিমি ম্যাচ অব দ্য ম্যাচ নির্বাচিত হন। 

বাংলাদেশের অধিনায়ক দ্রুপম পত্রনবিশ তীর্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দিনটা আমাদের ছিল না। ব্যাড লাক। এখন যে দিন গেছে, সেটা আমরা ভুলে যাব। পরের ম্যাচের চিন্তা করব।”

হারের জন্য ব্যাটিংকে দায়ী করে তিনি বলেন, “মূলত আমাদের ব্যাটিং খুব বাজে হয়েছে। এটা আশা করিনি। আমরা ১৬০-১৭০-১৮০ আশা করেছিলাম। কিন্তু টপ অর্ডাররা ভালো ব্যাট করতে পারেনি।”

ম্যাচসেরা আশরাফ খান কারিমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম ম্যাচে আমাদের একটা সুন্দর সূচনা হয়েছে। আমরা বাংলাদেশের বিরুদ্ধে জিতেছি।

“আমি এই টুর্নামেন্টে ফোকাস করেছি এবং ভালোভাবে চাপ মোকাবেলা করে খেলেছি। আমি আনন্দিত যে, এখানে দলের জেতায় আমার অবদান মূল ভূমিকা পালন করেছে।”

প্রথম ম্যাচে এই হারের পরও বাংলাদেশের ফাইনালে খেলার আশা শেষ হয়ে যায়নি। পরের ম্যাচগুলোতে ভালো করলে সেই সুযোগ থাকবে। 

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) উদ্যোগে ৫ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দলটি হচ্ছে ভারত।