৭০তম জন্মবার্ষিকীতে শেখ কামালের স্মরণ
বিভিন্ন কর্মসূচিতে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী পালন করছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন এবং আবাহনী ক্রীড়া চক্র।
আওয়ামী লীগের উপ-প্রচার ও সম্পাদক আমিনুল ইসলাম আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, সোমবার সকাল ৮টায় আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমণ্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। সকাল ৯টায় বনানী গোরস্তানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল হয়।
১৯৪৯ সালের ৫ অগাস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট ২৬ বছর বয়সে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বাসভবনের নিচতলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শেখ কামাল। সেদিন ওই বাড়িতে থাকা বঙ্গবন্ধু পরিবারের সবাইকে হত্যা করা হয়।
ছাত্রলীগের একজন কর্মী হিসাবে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেন শেখ কামাল। ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যও ছিলেন তিনি।
তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ ভর্তি হন।
এদিকে, শেখ কামালের কর্মময় জীবন নিয়ে আবাহনী ক্লাব প্রাঙ্গণে ‘শেখ কামাল:উদ্দীপ্ত তারুণ্যের দূত’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী সোমবার সকালে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল।
প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত হয়েছে একটি স্মারক গ্রন্থ।
‘শেখ কামাল:উদ্দীপ্ত তারুণ্যের দূত’ স্মারক গ্রন্থটির সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত,আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
