২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগর পরিচ্ছন্নতায় ‘সুনাগরিক’ চান আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানী পরিচ্ছন্ন রাখতে শুধু নগর কর্তৃপক্ষ নয়, নাগরিকদের অংশগ্রহণও জরুরি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2019, 02:31 AM

Updated : 10 Oct 2022, 09:17 PM

রোববার উত্তরা ১০ নম্বর সেক্টরের সানবীম স্কুলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি।

মেয়র বলেন, “শুধুমাত্র সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী দিয়ে নগরীকে পরিছন্ন রাখা সম্ভব নয়। ডিএনসিসি জনবল বাড়াচ্ছে, সাথে সাথে নাগরিকদের সচেতন হতে হবে। যথাস্থানে ময়লা ফেলার অভ্যাস আমাদের করতে হবে। নিজ নিজ আবাসস্থল, এলাকা, এলাকার জলাধার নিজেদের পরিষ্কার রাখতে হবে। কোনো স্থানেই তিনদিনের বেশি পরিষ্কার পানি জমতে দেওয়া যাবে না।”

রাজধানীকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে সবাইকে ‘সুনাগরিক’ হওয়ার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, “একজন সুনাগরিক কখনো রাষ্ট্রের ক্ষতি করে না, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে না, ভূমি দখল করে না, নদী-খাল দখল করে না।”

এইডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে নেওয়া নানা কর্মসূচির কথা তুলে ধরে মেয়র আতিক বলেন, “এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন দপ্তর, স্থাপনা, বাসা-বাড়ি পরিদর্শন করছি, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও তৎপর আছেন। যেখানেই অপরিচ্ছন্নতা, নাগরিক স্বাস্থ্যের জন্য হুমকি এইডিস মশার বংশবিস্তারে সহায়ক পরিবেশ পাওয়া যাবে সেখানেই জরিমানা ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আধুনিক ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন স্বয়ংক্রিয় যন্ত্রপাতি কেনা হচ্ছে বলেও জানান ঢাকা উত্তরের মেয়র।

ছাত্রজীবনে নিজেও একজন বিএনসিসি ক্যাডেট ছিলেন জানিয়ে আতিকুল ইসলাম বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বিএনসিসির ক্যাডেটরা তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে।

পরে বিএনসিসি ক্যাডেটদের সহায়তায় উত্তরা ১০ ও ১১ নম্বর সেক্টরের মাঝের খাল পরিষ্কার কাজ ঘুরে দেখেন মেয়র।

অনুষ্ঠানে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খান, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান উপস্থিত ছিলেন।