৫ জাতির প্রতিবন্ধী ক্রিকেট: কতটা প্রস্তুত বাংলাদেশ দল?
পাঁচ জাতির টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল এখন রয়েছে ইংল্যান্ডে ওস্টার শহরে। সোমবার নিজেদের প্রথম ম্যাচে তার মুখোমুখি হবে আফগানিস্তানের।
রোববার বাংলাদেশ দল আরজিএস ওস্টার মাঠে অনুশীলনে অংশ নেয়, যেখানে শেষ মুহুর্তে ঝালিয়ে নেয় নিজেদের।
প্রধান কোচ রাশেদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত। আমাদের ছেলেরা ভালো প্রস্তুতি নিয়েছে।
“ইনশাল্লাহ, আমরা আমাদের বেস্টটা মাঠে দিতে পারব। কাল আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে আমরা দেশের মানুষকে ভালো একটি খেলা উপহার দিতে পারব।”
সহ-অধিনায়ক মো. জাভেদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ভালো পারফরমেন্স করতে পারলে তারা (আফগানিস্তান) আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। দল আগের চেয়ে অনেক ইম্প্রুভ করেছে। আশা করি, আমরা চ্যাম্পিয়ন হব।”
অধিনায়ক দ্রুপম পত্রনবিশ তীর্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রস্তুতি অনেক ভালো। আমরা কাল জেতার জন্যই মাঠে নামব। যতটুকু সম্ভব কনফিডেন্টলি মাঠে নামব। আশা করি, আমরা আফগানিস্তানকে প্রথম ম্যাচে হারাব।”
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) উদ্যোগে ৫ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত আয়োজিত এ টুর্নামেন্টে বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড দল অংশ নেবে।
১৫ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন মো. রাসেল শিকদার, মো. মনির হোসেন, মোহাম্মদ কাজল হোসেন, মো. মনিরুজ্জামান, মো. আলম খান, মো. জাভেদ ভূঁইয়া (সহ-অধিনায়ক), আকবর হোসেন, মো. ইমরান, মাহফুজুর রহমান, এসএম শাহরিয়া শামীম, দ্রুপম পত্রনবিশ তীর্থ (অধিনায়ক), শরিফুল ইসলাম, অপূর্ব কুমার পাল, তানভিরুল ইসলাম, মো. জাহিদ হাসান।
বাংলাদেশে প্রতিবন্ধী ক্রিকেটের যাত্রা শুরু হয় ২০১৩ সালে। ওই বছর রেডক্রস পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন নিয়ে কাজ করা সিআরপিকে (সেন্টার ফর দ্য রিহ্যাবিলেটেশন অফ দ্য প্যারালাইজড) একটি ক্রিকেট দল গড়তে সহায়তা দেয়। একই বছর প্রতিবন্ধীদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে রেডক্রস।
২০১৪ সালে সিআরপির পাশাপাশি বাংলাদেশ ফিজিকালি চ্যালেঞ্জড ডিজ্যাবলড অ্যাসোসিয়েশন ও ফিজিকালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) প্রতিবন্ধীদের মধ্যে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করে। পরে এর সঙ্গে সম্পৃক্ত হয় বিকেএসপি, প্যারা অলিম্পিকস, স্পেশাল অলিম্পিকস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ব্রিটিশ হাইকমিশন ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
পরের বছর মার্চে রেডক্রসের সহযোগিতায় প্রথমবারের মতো ‘ট্যালেন্ট হান্ট ক্যাম্প’ হয়। ২০১৫ সালে ঢাকায় বসে প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর, যাতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান অংশ নেয়।
২০১৬ সালে দুবাইয়ে আরেকটি টুর্নামেন্টের আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানেও বাংলাদেশ দলকে সহযোগিতা দেয় আইসিআরসি। ওই টুর্নামেন্টের আগে দ্বিতীয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি হয়। এরপর ২০১৭ সালে তৃতীয় ‘প্রতিভা অন্বেষণ’ হয়।
২০১৮ সালে ইসিবির আমন্ত্রণে ইংল্যান্ডে আরেকটি ত্রিদেশীয় সিরিজ খেলে আসে বাংলাদেশ দল।
