২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরিব ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তা দেবে সমাজকল্যাণ

অস্বচ্ছল ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তা দিতে উদ্যোগ নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2019, 04:47 PM

Updated : 08 Apr 2022, 04:32 PM

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, “গরিব, দুস্থ, অসহায় যারা ডেঙ্গুর চিকিৎসা করার জন্য অর্থাভাবে রয়েছে তাদের যা লাগে সেটা দেওয়া হবে।”

জেলা পর্যায়ে সমাজ সেবা অফিসার, উপজেলায় উপ-পরিচালক এ বিষয়গুলো দেখভাল করে চিকিৎসা সহায়তা দেবেন বলে জানান মন্ত্রী।

নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে না জানিয়ে সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, “চাহিদা অনুযায়ী রোগীদের সহায়তা দেওয়া হবে। যতদিন রোগের ব্যাপকতা না কমবে সে পর্যন্ত সরকার সেবা দেওয়ার চেষ্টা করবে।”  

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জুয়েনা আজিজ জানান, বিভিন্ন সরকারি হাসপাতালে সহ-সমাজসেবা কার্যক্রম আছে। সেখানে গরীব রোগীদের সহযোগিতা করা হয়, বার্ষিক যে বরাদ্দ সেখান থেকে ডেঙ্গু রোগীদের ব্যাপারে বেশি জোর দিতে বলা হয়েছে। 

“যার টেস্ট দরকার তার টেস্টের অর্থ, স্যালাইনের দরকার হলে স্যালাইন দেওয়া হবে,” বলেন সচিব।

রোববার পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিভিন্ন গণমাধ্যমে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৭০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।

চলতি বছরের প্রথম দিন থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু নিয়ে ২৪ হাজার ৮০৪ জন বিভিন্ন হাসপাতালে গেলেও চিকিৎসা শেষে ১৭ হাজার ৩৮৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।