মোহনা টিভির সাংবাদিক মুশফিক নিখোঁজ
বেসরকারি টেলিভিশন স্টেশন মোহনা টিভি‘র সাংবাদিক মুশফিকুর রহমানের খোঁজ মিলছে না।
শনিবার রাত থেকে তিনি নিখোঁজ বলে জানিয়েছেন তার স্ত্রী সালমা রহমান।
ঘটনাটি জেনে তার সন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
মুশফিকের স্ত্রী সালমা রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্বামী শনিবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে পল্লবী এলাকার বাসা থেকে বেরিয়ে গুলশানে তার মামা এজাবুল ফকিরের কাছে গিয়েছিলেন। মামার সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর আর ঘরে ফেরেননি।
“রাত ৮টার কিছু সময় পর মহাখালীতে থাকা তার বড় ভাইয়ের সাথে ফোনে কথা হয়। এরপর থেকে তার ফোন বন্ধ,” বলেন তিনি।
মুশফিক নিখোঁজের পেছনে কোনো সন্দেহ করছেন কি না- জানতে চাইলে সালমা বলেন, “গ্রামের বাড়ি দাউদকান্দির (কুমিল্লা) একটি স্কুলের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এই ঘটনায় পল্লবী থানায় একটি জিডিও করা হয়।”
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিসি ফুটেজে মুশফিকুর রহমানকে সর্বশেষ গুলশান এক নম্বরে রাইড শেয়ারের মোটর সাইকেলে উঠতে দেখা গেছে। আর মোবাইলে তার সর্বশেষ অবস্থান মহাখালীতে দেখা যায়।”
“আমরা চেষ্টা করছি, তাকে খুঁজে বের করার চেষ্টা করছি,” বলেন তিনি।
মুশফিক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার মালিকানাধীন মোহনা টিভির ‘প্রধানমন্ত্রী বিটের’ রিপোর্টার।
