২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমলার ৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রতিবেদন

একাত্তরে মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় নীলফামারীর ডিমলার জামায়াত-বিএনপির ৫ জনসহ মোট ৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2019, 12:10 AM

Updated : 18 Aug 2022, 05:36 PM

ঢাকার ধানমণ্ডিতে সংস্থার কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে তদন্ত সংস্থা। পরে বিকালে প্রতিবেদনটি প্রসিকিউশনে জমা দেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ।

এটি তদন্ত সংস্থার ৭২তম মামলার তদন্ত প্রতিবেদন। এ মামলার আসামিরা হলেন নীলফামারীর ডিমলার মো. একরামুল হক (৭০), মো. আব্দুস ছাত্তার (৮০), বকসু মিয়া ওরফে মো. মোকসু মিয়া মজুমদার (৭৭), মো. আব্দুল খালেক (৭২), মো. মোকলেছার রহমান ওরফে খোকা (৭৭), মো. শহীদুল্লাহ সরকার (৭০), মো. নুরুল হক (৬৫), জবেদ আলী (৭১) ও মো. শাহাদৎ হোসেন (৬৮)।

শাহাদাৎ হোসেন ছাড়া বাকি আটজনই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বকসু মিয়া ছাড়া বাকি সাতজনকে চলতি বছরের ২ মার্চ ডিমলা থেকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লার নাঙ্গলকোট থেকে গত ৪ জুলাই বকসু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেন, আসামিদের মধ্যে একরামুল হক, আব্দুস ছাত্তার, মোকলেছার রহমান, শহীদুল্লাহ সরকার জামায়াতে ইসলামীরতে সক্রিয় ছিলেন। পলাতক শাহাদৎ ছিলেন বিএনপিতে যুক্ত। বাকি চারজনের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

তিনি বলেন, “আসামিরা নীলফামারীর ডিমলা, ডোমার ও জলঢাকায় এলাকায় ১৯৭১ সালের ৩০ অগাস্ট থেকে ২০ নভেম্বর পর্যন্ত সময়ে অপরাধ সংগঠন করে। তাদের বিরুদ্ধে ৪৬ জনকে আটক, ২৫ জনকে অপহরণ, ৭ জনকে হত্যা-গণহত্যা, ৩ জনকে ধর্ষণ ও ১৫টি বাড়িঘর লুটপাট অপরাধে ৬টি অভিযোগ আনা হয়েছে।”

তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল হক সংবাদ সম্মেলনে জানান, এ মামলার তদন্ত শুরু হয় ২০১৭ সালের ২০ নভেম্বর। তদন্তের সময় ৪৩ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। সাক্ষীদের জবানবন্দি, জব্দতালিকা ও দালিলিক প্রমাণপত্রসহ তদন্ত প্রতিবেদনটি ২৩৮ পৃষ্ঠার।

তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি প্রসিকউশনে তদন্ত প্রতিবেদনটি জমা দিয়েছেন।