জাহালমকাণ্ডের অন্যতম আসামিকে দুদকে জিজ্ঞাসাবাদ
জাহালম বিনা অপরাধে কারাভোগের মামলার অন্যতম আসামি আমিনুল হক সরকারকে কারাগার থেকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে দুদক প্রধান কার্যালয়ে আনা হয় বলে জানান কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
এরপর তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান জিজ্ঞাসাবাদ শুরু করেন আমিনুলকে।
এই দফায় তাকে জিজ্ঞাসাবাদ চলবে সাত দিন। এর আগে গত জুনেও তাকে সাত দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ঘটনায় পুনঃতদন্তের অংশ হিসেবে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দুদকের কর্মকর্তারা জানিয়েছেন।
মানিকগঞ্জের কৃষ্ণপুর উত্তর পাড়ায় আমিনুল হক সোনালী ব্যাংকের প্রায় ১৮ কোটি টাকা আত্মসাতে জালিয়াতির মূল পরিকল্পনাকারী বলে দাবি করা হচ্ছে।
এই অর্থ জালিয়াতির অভিযোগে ২০১২ সালে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। এরপর সালেককে তলব করে দুদক চিঠি দিলে সেই চিঠি পৌঁছায় জাহালমের টাঙ্গাইলের বাড়ির ঠিকানায়।
নরসিংদীর ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলের শ্রমিক জাহালম তখন দুদকে গিয়ে বলেছিলেন, তিনি আবু সালেক নন, সোনালী ব্যাংকে তার কোনো অ্যাকাউন্টও নেই। ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য আবু সালেকের যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটাও তার নয়।
কিন্তু দুদকে উপস্থিত বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা সেদিন জাহালমকেই ‘আবু সালেক’ হিসেবে শনাক্ত করেন। পরে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘোড়াশাল থেকে জাহালমকে গ্রেপ্তার করে দুদক।
পরে বিচারিক আদালতেও জাহালম দুদকের পরিচয় বিভ্রাটের বিষয়টি তুলে ধরে নিজেকে নির্দোষ দাবি করেন। কিন্তু কেউ তার কথা কানে তোলেনি।
তিন বছর ধরে জাহালমের কারাভোগের খবর গণমাধ্যমে এলে সংবাদ প্রকাশের পর তা হাই কোর্টের নজরে আসে। উচ্চ আদালতের হস্তক্ষেপে গত ৪ ফেব্রুয়ারি মুক্তি পান তিনি।
