২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নিয়ে গুজবের শুরু লন্ডন থেকে: তথ্যমন্ত্রী

পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে- এমন গুজব প্রথমে লন্ডন থেকে ছড়ানো হয়েছিল বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2019, 01:03 AM

Updated : 08 Apr 2022, 04:31 PM

বুধবার তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে নানা গুজব ছড়ানো হচ্ছে।

মন্ত্রী বলেন, “প্রথমে গুজব ছড়ানো হয় যে পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে। এই গুজবের পোস্টটি প্রথমে লন্ডন থেকে দেওয়া হয়। সেই পোস্টে লেখা ছিল, সরকারের অনুমোদন নিয়ে পদ্মা সেতু প্রকল্প সম্পন্ন করার জন্য এক লাখ শিশু বলি দিতে হবে।

“সেই পোস্ট পরিকল্পিতভাবে একটি মহল সারা বাংলাদেশে পরবর্তীতে ছড়িয়ে দেয়।”

এই গুজবে ছেলেধরা আতঙ্কে গণপিটুনিতে বেশ কয়েকজন নিরীহ মানুষ সম্প্রতি মারা যায়।

তথ্যমন্ত্রী বলেন, “এসব কাজ যারা করেছে, তাদেরকে আমি দুষ্কৃতকারী বলব। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং যারা এই কাজে অংশগ্রহণ করেছে, তারা সবাই হত্যা মামলার আসামি।”

পদ্মা সেতুর পর বিদ্যুৎ থাকবে না বলে গুজব ছড়ানোর বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “তারপর আরও একটি গুজব ছড়ানো হয়েছে যে হারপিক ঢেলে দিলে ডেঙ্গু মশা মরে যাবে। এরকম আরও নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে।”

ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এসব গুজবের জন্য বিএনপিকে দায়ী করে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।

দলটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে গুজব ছড়ানোর উদ্দেশ্য আছে একটি স্বার্থান্বেষী মহলের। এটি আমরা মনে করি। এটা দুঃখজনক।”

এ বিষয়ে সচেতন থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমই সোচ্চার হওয়ার আহ্বানও তিনি জানান।

এ প্রসঙ্গে তিনি বলেন, “যারা গুজব ছড়ায়, বিশেষ করে প্রাণঘাতী গুজব ছড়ায়। তাদের বিরুদ্ধে শাস্তির মাত্রাটা আরও বেশি প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

“ভবিষ্যতে যদি কেউ এই ধরনের গুজব ছড়ায় তাদেরকে শনাক্ত করার বিষয়ে আমি দেশবাসীর সহযোগিতা চাই, অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।”