২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু রোধে সবাইকে ‘ঘর থেকে বেরোতে’ বললেন মেয়র আতিক

মশা মারার ওষুধ ছিটানোতে ‘গাফিলতির’র জন্য সমালোচনার মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 09:43 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

বুধবার গুলশান-২ নম্বরে সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরিতে আয়োজিত শোভাযাত্রায় এই আহ্বান জানান তিনি।

আতিকুল ইসলাম বলেন, “সবাইকে ঘর থেকে বের হয়ে আসতে হবে, মাঠে নেমে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে।”

গত মাসের শুরুর দিকে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দিনে দিনে এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরমধ্যেও সংকট সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ার জন্য সমালোচিত হচ্ছেন ঢাকার দুই মেয়র।

অনেকেই অভিযোগ করছেন, ডেঙ্গু ভীতিকর অবস্থা তৈরি করলেও এখনও মশার ওষুধ ছিটানো হচ্ছে না।

“টেলিভিশনের পর্দা ও খবরের কাগজে এ বিষয়ে সচেতনতামূলক শোভাযাত্রার ছবি আসছে, কিন্তু মশা মারার ওষুধ কেন ছিটাচ্ছে না,” বলেছেন আজিজুল ইসলাম নামে নিউ ইস্কাটন এলাকার এক বাসিন্দা।

বুধবারই তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই এলাকায় অনেকের ডেঙ্গু হয়েছে। পত্রিকা, টিভি, ফেইসবুক সবকিছুতে ডেঙ্গু নিয়ে কথা-বার্তা। কিন্তু এই দুই মাসে মাত্র একদিন মশার ওষুধ ছিটিয়েছে, তাও শুধু সামনের দিকের রাস্তায়। ওষুধ না ছিটায়ে এইগুলো করলে কাজ হবে?”  

তবে মেয়র আতিকুল বলেন, “ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বিস্তার রোধে সকালে মশার ডিম ও লার্ভা ধ্বংসকারী এবং বিকালে পূর্ণ মশা ধ্বংসকারী ওষুধ ছিটানোর মেশিন দ্বিগুণ করা হয়েছে।

ঢাকা উত্তরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে মশা নিধনে ওষুধের পরিমাণও বাড়ানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

মেয়র বলেন, ইতোমধ্যে ঢাকা উত্তরের ৪৭টি স্বাস্থ্য কেন্দ্র এবং সাতটি মাতৃসদনে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

সরকারি-বেসরকারি হাসপাতাল এবং ওষুধ কোম্পানিগুলোর প্রতি ডেঙ্গু রোগীদের নিয়ে ‘ব্যবসা’ না করার অনুরোধ জানান মেয়র আতিকুল ইসলাম।

“আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, ডেঙ্গু নিয়ে ওষুধ কোম্পানি ও হাসপাতাল কেউ যেন ব্যবসা না করে। মানবিক কারণে আমরা সবাই যেন একসাথে কাজ করি।”

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ বলেন, “দুয়েকজন এমপি ইনঅ্যাকটিভ থাকলেও সেখানে কাউন্সিলররা সব দেখছেন।”

ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক র‍্যালিটি গুলশান-২ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজধানীর গুলশান ও বনানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা এই র‌্যালিতে অংশ নেয়।

মশার ওষুধ নিয়ে কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

মশার ওষুধ না ছিটানোর অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে সাধারণ ডায়রি (জিডি) করেছেন এক ব্যক্তি।  

পল্লবী এভিনিউ-১ এলাকার ইউসুফ আহমেদ ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে পল্লবী থানায় বুধবার জিডি করেন।

ইউসুফ বলছেন, তিন বছর ধরে মশার ওষুধ ছিটানো হয় না তার এলাকায়।

তবে কাউন্সিলর সাজ্জাদ এই অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এলাকায় নিয়মিত ওষুধ ছিটানো হয়। আগে ওষুধ ছিটানোর জন্য পাঁচটি ফগার মেশিন ছিল। গত ৪/৫দিন আগে আরও পাঁচটি মেশিন যুক্ত হয়েছে।”

২ নম্বর ওয়ার্ড এলাকার বিশালত্ব তুলে ধরে তিনি বলেন, “একদিকে একদিন দিলে আরেক দিকে দিতে পরের দিন সময় লাগে। যে ব্যক্তি জিডি করেছেন, তিনি গতকাল ফোন করেছিলেন, তার এলাকায়ও আজ দেওয়া হবে বলে জানানো হয়।”

তবে জিডিতে ইউসুফ অভিযোগ করেছেন, কাউন্সিলরকে ফোন করে বলা হলেও তিনি ব্যবস্থা নেননি।

এই নাগরিক ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নিয়মিত কর দেওয়ার পরেও সিটি কর্পোরেশন থেকে যে সুবিধা পাওয়ার কথা, তা তিনি পাচ্ছেন না।

এ বিষয়ে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই জিডির পরিপ্রেক্ষিতে কাউন্সিলরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”