১৭ হাজার ছাড়িয়ে ডেঙ্গু আক্রান্ত
একটি বাদে দেশের সব জেলায় ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ায় প্রতিদিনই নতুন রোগীর সংখ্যা বেড়ে চলেছে হাসপাতালগুলোতে।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৪৭৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের সিংহভাগই ঢাকার।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ৯২৮ জন ডেঙ্গু রোগী।
নতুনদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ১৮৩ জনে। আগের দিন ১৫ হাজার ৩৬৯ জনের ডেঙ্গু আক্রান্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। বর্তমানে বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে এক হাজার ২২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার পর্যন্ত ৮৪৭ জন রোগী ঢাকার বাইরের এসব হাসপাতালে ভর্তি ছিল।
এবার বর্ষার শুরুতেই ঢাকায় মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটে, এখন বিভিন্ন জেলা থেকে আক্রান্তের খবর আসছে।
মঙ্গলবার দেশের ৬৩টি জেলায় ডেঙ্গুরোগী শনাক্ত হওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে আগের দিনও ৫০ জেলায় ডেঙ্গু রোগীর তথ্য পাওয়ার কথা জানিয়েছিল তারা। এখন পর্যন্ত নেত্রকোণা জেলায় কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি।
হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন
ডেঙ্গু নিয়ে নতুন করে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ১৫৫ জন ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সবমিলিয়ে বর্তমানে এখানে চিকিৎসাধীন আছেন ৬৫২ জন ডেঙ্গু রোগী।
এরপর মিটফোর্ড হাসপাতালে ৯৮, ঢাকা শিশু হাসপাতালে ১৩৫, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৮১, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২৪২, বারডেম হাসপাতালে ৪৪, বিএসএমএমইউতে ১১২, পুলিশ হাসপাতালে ১৪৮, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩১, বিজিবি হাসপাতালে ২৩, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
রাজধানীর বাইরে ঢাকা বিভাগের জেলাগুলোতেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১১২ জন, তাদের নিয়ে মোট চিকিৎসাধীন আছেন ২০৫ জন।
এরপর খুলনা বিভাগে নতুন ডেঙ্গু রোগী ১০৮ এবং চিকিৎসাধীন ২৬১১ জন, রাজশাহী বিভাগে নতুন ৬১ এবং চিকিৎসাধীন ১৮৩ জন, চট্টগ্রাম বিভাগে নতুন ১১২ জন এবং চিকিৎসাধীন ২০৫ জন, সিলেট বিভাগে নতুন ২৯ এবং চিকিৎসাধীন ৫৩ জন, রংপুর বিভাগে নতুন রোগী ৩১ এবং মোট চিকিৎসাধীন ১২২ জন, ময়মনসিংহ বিভাগে নতুন রোগী ৮০ এবং মোট চিকিৎসাধীন ১৮১ জন, বরিশাল বিভাগে নতুন শনাক্ত ২২ জন এবং মোট হাসপাতালে ভর্তি ৬৫ জন।
