চলচ্চিত্রে অনুদান: ‘নীতিমালা লঙ্ঘন’ প্রশ্নে হাই কোর্টের রুল
চলতি বছর ১৪টি চলচ্চিত্রের অনুদানে ‘নীতিমালা’ লঙ্ঘনের প্রশ্নে রুল জারি করেছে হাই কোর্ট।
অনুদানের বৈধতা চ্যালেঞ্জ করে চার নির্মাতার করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ রুল জারি করে।
উন্নতমানের পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০১২ (সংশোধিত) লঙ্ঘন করে তিন দফায় চৌদ্দটি চলচ্চিত্রকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না এবং ওই সিদ্ধান্ত পুনঃবিবেচনা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
চার সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিব ও উপসচিব, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য সচিব এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসনাত কাইয়ুম।
গত ৯ এপ্রিল এক প্রজ্ঞাপনে তথ্য মন্ত্রণালয় পাঁচটি স্বল্পদৈর্ঘ্য ও ২৪ এপ্রিল আটটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে সরকারি অনুদানের সিদ্ধান্ত দেয়। পরবর্তীতে ৯ মে আরও একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদানের সিদ্ধান্ত দেয়।
চলতি অর্থবছরে চলচ্চিত্রের জন্য সরকারি অনুদান দেওয়ার প্রক্রিয়ায় গড়মিল হয়েছে বলে উল্লেখ করে পদত্যাগও করেছিলেন চূড়ান্ত অনুদান কমিটির চার সদস্য, মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম ও ড. মতিন রহমান। যদিও পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের ভিত্তিতে পুনরায় যোগ দেন তারা।
অনুদান নীতিমালা লঙ্ঘন করে ৩টি প্রজ্ঞাপণের মাধ্যমে মোট ১৪টি চলচ্চিত্রের অনুদানের ঘোষণা স্থগিত ও জমাকৃত সকল চলচ্চিত্র নির্মাণ প্যাকেজ প্রস্তাব পুনঃনিরীক্ষণের জন্য গত ১৬ জুলাই জনস্বার্থে উচ্চ আদালতে রিট আবেদন করেন চার নির্মাতা।
রিট আবেদন করা চারজন হলেন- চলচ্চিত্র গবেষক ও লেখক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের জন্য আবেদনকারী চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ এবং নির্মাতা সুপিন বর্মন ও খন্দকার সুমন।
আইনজীবী হাসনাত কাইয়ুম সাংবাদিকদের বলেন, “পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০১২ (সংশোধিত) লঙ্ঘন করে এসব চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে। আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছেন।”
২০১৮-২০১৯ অর্থবছরে শিশুতোষ শাখায় অনুদান পেয়েছে আবু রায়হান মো. জুয়েলের ‘নসু ডাকাত কুপোকাত’। প্রামাণ্যচিত্র শাখায় অনুদান পেয়েছে হুমায়রা বিলকিসের ‘বিলকিস এবং বিলকিস’ এবং পুরবী মতিনের ‘খেলাঘর’।
এছাড়া সাধারণ শাখায় কবরীর ‘এই তুমি সেই তুমি’ ছাড়াও অনুদান পেয়েছে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’, আকরাম খানের ‘বিধবাদের কথা’, কাজী মাসুদের প্রযোজনা ও হোসনে মোবারক রুমির ‘অন্ত্যেষ্টিক্রিয়া’, লাকী ইনামের প্রযোজনায় হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেই সব দিন’ এবং শমী কায়সারের প্রযোজনায় ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’।
