২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংরেজি ব্যাকরণ বইয়ের গ্রহণযোগ্যতা নিয়ে হাই কোর্টের রুল

চতুর্থ থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত বিভিন্ন লেখকের ইংরেজি ব্যাকরণ বইয়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2019, 08:10 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

চৌধুরী অ্যান্ড হোসাইন, বাবুল চন্দ্র শীল, প্রফেসর এফ এম আব্দুল রব, সায়মা প্রসাদ ঘোষ, ফিরোজ মুকুল, সাইফুর রহমান খানের লেখা ইংরেজি ব্যাকরণ বই কেন অশুদ্ধ, অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে আদালত।

পাশাপাশি এসব লেখকের ইংরেজি গ্রামার বইয়ের প্রকাশনা, বিপণন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

শিক্ষা সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলা একাডেমির মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান ও শিক্ষক চৌধুরী অ্যান্ড হোসাইনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এনসিটিবির অনুমোদিত বিভিন্ন লেখকের ইংরেজি গ্রামার বইয়ের ভুল অধ্যায়গুলো যুক্ত করে গাজীপুরের কোনাবাড়ি কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক মো. হেলাল উদ্দিন পাটোয়ারীর করা একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট এ রুল জারি করে।

রোববার এ আদেশ হলেও সংশ্লিষ্ট আইনজীবীরা সোমবার এ আদেশের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। 

রিটের পক্ষে শুনানি করেন মো. মোজাম্মেল হক। সঙ্গে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ ও আইনজীবী সাকিব মাবুদ।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। 

রিটকারী পক্ষের আইনজীবী মো. তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চতুর্থ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত এনসিটিবি অনুমোদিত যেসব ইংরেজি গ্রামার বই আছে, তার প্রায় সবগুলোতেই ব্যাকরণগত নানা ভুল রয়েছে।

“এসব গ্রামার বইয়ের প্রত্যেকটিতেই ‘নাউনকে’ ‘প্রোনাউন’ হিসেবে দেখানো হয়েছে।

“যেমন ‘অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেশন অ্যান্ড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন’ বইটি চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাঠ্য। ওই বইয়ে ‘Bangladesh, Dog, Dhaka ইত্যাদি শব্দকে pronoun হিসেবে দেখানো হয়েছে।

“তাছাড়া person মূলত সাতটি- i, you, we, he, she, it, they হলেও এসব গ্রামার বইয়ে me, us, my, our, ours, tho, the, your, yours, him -সহ দেখানো হয়েছে হয়েছে ২৫টি।”

এনসিটিব অনুমোদিত প্রায় প্রতিটি ইংরেজি ব্যাকরণ বইয়ে এ ধরনের ভুল রয়েছে বলে দাবি করেন এই আইনজীবী।  

তিনি বলেন, “বিগত ১২ বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের এভাবে ভুল ইংরেজি শেখানো হচ্ছে। এতে শিক্ষার্থীদের ইংরেজির ভিত্তি দুর্বল হচ্ছে।

“ইংরেজি আমাদের মাতৃভাষা না হলেও আন্তর্জাতিক ভাষা। ইংরেজি যাদের মাতৃভাষা তারা কিন্তু ব্যাকরণগত কোনো পরিবর্তন, পরিমার্জন আনেনি। কিন্তু আমাদের দেশে ইংরেজি গ্রামারের লেখকরা ভুলভাবে নানা পরিবর্তন, পরিমার্জন, সংশোধন এনেছেন। ইংরেজি শিক্ষার্থীদের জন্য সহজভাবে শেখার সহজ পদ্ধতি ভুলভাবে প্রবর্তন করেছেন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে মাত্র দুই জন শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার উদাহরণ টেনে তানভীর আহমেদ বলেন, “বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও শিক্ষা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব সংশোধনে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এতে আমাদের ভবিষ্যত প্রজন্মের সংবিধান প্রদত্ত শিক্ষার মৌলিক অধিকার ক্ষুণ্ন করছে।”