২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে জঙ্গি সন্দেহে আটক পরিবারের চারজন রিমান্ডে

রাজধানীর মিরপুর রূপনগর থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার সোনালী ব্যাংকের এক কর্মকর্তা এবং তার পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

আদালত প্রতিবেদক ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 10:08 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

সন্ত্রাসবিরোধী আইনের এ মামলায় পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার এই রিমান্ড মঞ্জুর করেন।

এই চারজন হলেন- সোনালী ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার আহম্মদ আলী (৫৭), তার স্ত্রী সালমা আহম্মদ (৫০), তাদের ছেলে আবু সালেহ মোহাম্মদ কিবরিয়া (২২) এবং মেয়ে আসমা ফেরদৌসী (২৬)।

আহম্মদ আলীর আরেক ছেলে আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া (২৪) গ্রেপ্তারের সময় পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

মামলার বাদী পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পরিদর্শক এনামুল হক জানান, আহম্মদ আলীর দুই ছেলের মধ্যে জাকারিয়া লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। কিবরিয়া ঢাকা কলেজে পড়েন এবং আসমা মনিকগঞ্জের একটি কলেজ থেকে অনার্স শেষ করেছেন।

পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূলত জাকারিয়ার ‘জঙ্গি সম্পৃক্ততার’ তথ্য ছিল তাদের কাছে। এর ভিত্তিতে শুক্রবার রাত দেড়টার দিকে রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডে তদের বাসায় অভিযান চালানো হয়।

“অভিযান চালাতে গিয়ে পুলিশ বাধার সম্মুখিন হয়। দরজা খুলেই ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায় পরিবারের সদস্যসা। তাতে তিন পুলিশ সদস্য আহত হন।

“পুলিশ সদস্যদের ওপর যখন হামলা হয় তখন আত্মরক্ষার্থে গুলি ছুড়লে জাকারিয়া আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”

মনিরুজ্জামান বলেন, “আনসার আল ইসলামের সদস্য জাকারিয়াকে টার্গেট করে সেখানে অভিযান চালানোর পর জানা যায় পরিবারের প্রতিটি সদস্যই ধর্মান্ধ, রেডিকালাইজড।”

পরিদর্শক এনামুল হক বলেন, রূপনগরের ওই পরিবারে সদস্যদের সঙ্গে প্রতিবেশীদের কারও যোগাযোগ ছিল না। তবে তাদের বাসায় নিয়মিত বাইরের লোকজন এসে ‘গোপন বৈঠক’ করত। তাদের মধ্যে নারীরাও থাকতেন।

“অভিযানের সময় ওই বাসার দরজা খুলতে বলা হলে তারা ভেতরে একটি ছোট বিস্ফোরণ ঘটায়। অনেকপরে দরজা খুলেই হামলা চালায় পুলিশ সদস্যদের ওপর।” 

গ্রেপ্তারের পর ওই পরিবারের সদস্যদের ‍বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি এবং সরকারি কাজে বাধা দেওয়া অভিযোগে আরেকটি মামলা হয়।

রোববার তাদের আদালতে হাজির করে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শওকত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিমান্ড শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিচারক তাদের সঙ্গে কথা বলতে চাইলে কাঠগড়ায় দাঁড়ানো আসামিরা নিরুত্তর ছিলেন।

শুনানি শেষে বিচারক চার আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে জানান শওকত।