প্রতিবন্ধী ক্রিকেট: ৫ জাতি সিরিজে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ
প্রতিদ্বন্দ্বী দলগুলোর তুলনায় রয়েছে সুযোগের অভাব, রয়েছে সীমাবন্ধতাও; এরপরও অন্তত ফাইনাল খেলার আশা নিয়েই ৫ জাতির সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ শারিরীক প্রতিবন্ধী ক্রিকেট দল।
আগামী ২ অগাস্ট ১৬ খেলোয়াড়ের টিম নিয়ে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) উদ্যোগে ৫ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত আয়োজিত এ টুর্নামেন্টে বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড দল অংশ নেবে।
১৬ সদস্যের এই দলে রয়েছেন মো. রাসেল শিকদার, মো. মনির হোসেন, মোহাম্মদ কাজল হোসেন, মো. মনিরুজ্জামান, মো. আলম খান, মো. জাভেদ ভূঁইয়া, আকবর হোসেন, মো. ইমরান, মাহফুজুর রহমান, এসএম শাহরিয়া শামীম, দ্রুপম পত্রনবিশ তীর্থ (অধিনায়ক), শরিফুল ইসলাম, অপূর্ব কুমার পাল, তানভিরুল ইসলাম, মো. জাহিদ হাসান, মো. মাহবুবুল আলম।
দলটির ম্যানেজার হিসেবে আছেন মাসুদ হাসান এবং কোচ হিসেবে আছেন রাশেদ ইকবাল। টিম ফিজিও হিসেবে যাবেন মো. দেলোয়ার হোসেন।
এই সফর ঘিরে বিকেএসপিতে কয়েক দফা ক্যাম্প হয়েছে। সব মিলিয়ে ৪০ দিনের অনুশীলনে নিজেদেরকে প্রস্তুত করে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল।
সীমাবদ্ধতার কথা তুলে ধরে মাসুদ হাসান বলেন, “পাকিস্তান ও ইংল্যান্ডে খেলার সংস্কৃতিটাই ভিন্ন। ক্লাবগুলোর মাধ্যমে তারা খেলোয়াড় সংগ্রহ করে। আমরা সরাসরি বাছাই করে নেই। এদেরকে সব সময় অনুশীলনেও আমরা রাখতে পারি না।”
দলের কোচ রাশেদ ইকবাল বলেন, “এবারের সিরিজে ইংল্যান্ড ও পাকিস্তান দল বেশ শক্তিশালী। এর মধ্যে আমরা ইংল্যান্ডকে দেশের মাটিতেও হারিয়েছি আবার ইংল্যান্ডে হারিয়েছি। এবার আমরা চাই, ফাইনাল খেলব।
“আমরা এবার সুনির্দিষ্ট একটা লক্ষ্য ঠিক করেছি যে, এবার আমরা ফাইনাল খেলব। প্রিপারেশন, রিকভারি, ফুডিং, নিউট্রিশন, প্রাকটিস- ইত্যাদি বিষয়ে আমরা নজর দিয়েছি। আমাদের ছেলেরা এই টুর্নামেন্টকে সামনে রেখে ভালো প্রস্তুতি নিচ্ছে। আমাদের ছেলেরা তাদের সামর্থ্য অনুসারে খেলতে পারলে আমরা ট্রফি নিয়ে আসতে পারব।”
দলের অধিনায়ক দ্রুপম পত্রনবিশ তীর্থ বলেন, “আগেও আমরা ইংল্যান্ড গিয়েছি। তখন আমরা খুব ক্লোজ ম্যাচ হেরে গিয়েছি। তখন অভিজ্ঞতা এবং অনুশীলনের অভাবের কারণে সেটা হয়েছে। এবার আমাদের টিম অনেক ভালো। আমরা আত্মবিশ্বাসী, এবার ভালো কিছু হবে।
“এই লেফট হ্যান্ড স্পিনার এবং বোলিং অলরাউন্ডারে বলেন, শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ড ও পাকিস্তান। তাদের বোলিং ব্যাটিং দুইটাই ভালো। আমাদের বোলিং-এ অনেক ভালো। এটা দিয়েই আমাদেরকে জিততে হবে।”
এস এম শাহরিয়া শামীম বলেন, “আমরা এবার যে প্রাকটিস করছি, তাতে আমরা আশাবাদী যে, আমরা ফাইনাল খেলব এবং ট্রফি আনব। এবার আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজেদেরকে প্রস্তুত করছি। ব্যাটিং ও বোলিং-এ যে সমস্যা ছিল, সেটা ইমপ্রুভ হয়ে গেছে।
“এখানে আমরা বিকেএসপির (সাধারণ টিমের) মত টিমের সাথে খেলছি। আমাদের তিনটা ম্যাচ হয়ে গেছে। আমরা খুব কাছাকাছি গিয়ে হারতেছি। তার মানে আমরা তাদের সাথে খেলতে পারতেছি।”
দলের উদ্বোধনী উইকেট কিপার ও ব্যাটসম্যান শরিফুল ইসলাম বলেন, “এক সময় আমরা ছিলাম নতুন। এখন চার বছর হয়ে গেছে। এখন আমাদেরকে যেতে হবে নির্দিষ্ট লক্ষ্যে। খেলবো এবং বিভিন্ন দেশে ঘুরবো, আর খেলায় অংশ নেবো-এটা ভাবার সময় চলে গেছে। এখন একটা লক্ষ্য ঠিক করতে হবে। আমরা যদি এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ যদি জিততে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে অনেক কিছু হতে পারে।”
বাংলাদেশে প্রতিবন্ধী ক্রিকেটের যাত্রা শুরু হয় ২০১৩ সালে। ওই বছর রেডক্রস পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন নিয়ে কাজ করা সিআরপিকে (সেন্টার ফর দ্য রিহ্যাবিলেটেশন অফ দ্য প্যারালাইজড) একটি ক্রিকেট দল গড়তে সহায়তা দেয়। একই বছর প্রতিবন্ধীদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে রেডক্রস।
এছাড়া সিআরপির প্রতিবন্ধী ক্রিকেট দল ওই বছরের ১৭ থেকে ২০ মার্চ ভারতের ডিজ্যাবলড স্পোর্টিং সোসাইটি (ডিএসএস) দলের বিরুদ্ধে তিন দিনের একটি টুর্নামেন্টে অংশ নেয়।
২০১৪ সালে সিআরপির পাশাপাশি বাংলাদেশ ফিজিকালি চ্যালেঞ্জড ডিজ্যাবলড অ্যাসোসিয়েশন ও ফিজিকালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) প্রতিবন্ধীদের মধ্যে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করে। পরে এর সঙ্গে সম্পৃক্ত হয় বিকেএসপি, প্যারা অলিম্পিকস, স্পেশাল অলিম্পিকস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ব্রিটিশ হাই কমিশন ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
পরের বছর মার্চে রেডক্রসের সহযোগিতায় প্রথমবারের মতো ‘ট্যালেন্ট হান্ট ক্যাম্প’ হয়। ২০১৫ সালে ঢাকায় বসে প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর, যাতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান অংশ নেয়।
২০১৬ সালে দুবাইয়ে আরেকটি টুর্নামেন্টের আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানেও বাংলাদেশ দলকে সহযোগিতা দেয় আইসিআরসি। ওই টুর্নামেন্টের আগে দ্বিতীয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি হয়। এরপর ২০১৭ সালে তৃতীয় ‘প্রতিভা অন্বেষণ’ হয়।
২০১৮ সালে ইসিবির আমন্ত্রণে ইংল্যান্ডে আরেকটি ত্রিদেশীয় সিরিজ খেলে আসে বাংলাদেশ দল।
