জগন্নাথে ভর্তির আবেদন নেওয়া শুরু ১ অগাস্ট থেকে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে তিনটি ইউনিটে ২৭৬৫ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা শুরু হবে ১৪ সেপ্টেম্বর।
ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন নেওয়া শুরু হবে আগামী ১ অগাস্ট বৃহস্পতিবার।
অনলাইনে ১০০ টাকা ফি দিয়ে ২০ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিক বাছাইয়ের জন্য আবেদন করা যাবে।
প্রাথমিক আবেদনকারীদের মধ্যে ফলাফল অনুযায়ী প্রতি ইউনিটে বাছাইকৃত ২৫ হাজার শিক্ষার্থীকে ২৩ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে ৬০০ টাকা ফি দিয়ে লিখিত পরীক্ষার জন্য পুনরায় আবেদন করতে হবে।
বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর ইউনিট-৩, ২০ সেপ্টেম্বর ইউনিট-২, ২১ সেপ্টেম্বর ইউনিট-১ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিন ইউনিটেই সকাল ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দুটি শিফটে পরীক্ষা চলবে।
বিশেষায়িত বিভাগসমূহের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
এবার এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ-৮, মানবিক শাখায় নূন্যতম জিপিএ-৭, বাণিজ্য শাখায় ন্যূনতম জিপিএ-৭.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবেন।
বিশেষায়িত বিভাগ সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশনে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে নূন্যতম জিপিএ-৭ থাকতে হবে।
এবার ইউনিট-১ এ (বিজ্ঞান শাখা) ৮২৫টি, ইউনিট-২ এ (মানবিক শাখা) ১২৭০টি, ইউনিট-৩ এ (বাণিজ্য শাখা) ৫২০টি এবং বিশেষায়িত চারটি বিভাগে ১৫০টি আসন রাখা হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
