‘ঝাড়ফুঁকের নামে ধর্ষণকারী’ ইমাম রিমান্ড শেষে কারাগারে
জিনের ভয় দেখিয়ে ঝাড়ফুঁকের নামে নারী-শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দক্ষিণখানের মসজিদের ইমাম ইদ্রিস আহাম্মেদকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
পাঁচ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে মুখ্য ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে আরও ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ জুলাই মধ্যরাতে র্যাবের একটি দল রাজধানীর দক্ষিণখান থানার অধীন সৈয়দনগর এলাকা থেকে একটি মাদরাসার শিক্ষক ইদ্রিসকে গ্রেপ্তার করে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ইদ্রিস ওই এলাকায় মানুষকে ঝাড়ফুঁক ও তাবিজ দিতেন। এভাবে জিনের ভয় দেখিয়ে ঝাড়ফুঁকের নামে ১৮ বছর ধরে তিনি নারী ও শিশুদের ধর্ষণ করতেন। এক ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রমাণের র্যাব তাকে আটক করে। তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে ধর্ষণ ও ‘বলাৎকারের’ ভিডিও ও ছবি পাওয়া গেছে বলেও জানিয়েছে র্যাব।
