রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনা সহায়তার আশ্বাস
রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসনে চীন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে দেশটির রাষ্ট্রদূত ঝ্যাং ঝু।
বুধবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাতে এই প্রতিশ্রুতি দেন তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন, তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত সেই দেশের নাগরিকদের দুর্দশা দেখেচেন।
“তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে তার দেশ সহযোগিতা করবে।”
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দ্রুতই জোরপূর্ব বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকরা সম্মানের সঙ্গে ও নিরাপদে তাদের দেশে ফিরতে পারবেন।
প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রপ্রতি সফলভাবে কর্মকাল শেষ করার জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং ক্রমান্বয়ে তা সম্প্রসারিত হচ্ছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চীন সফর এবং তারও আগে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন,ওই সফরগুলোর কারণে দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনা সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে অনেক মেগা প্রকল্পের বাস্তবায়ন হয়েছে।, যা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।
চীনা দূত ঝ্যাং জু তার কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল শামীম-উজ-জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
