২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানের তিন ভবনে এডিসের লার্ভা

ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকার ১৫টি প্রতিষ্ঠানকে চার লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যার মধ্যে গুলশান এলাকার তিনটি নির্মাণাধীন ভবন রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2019, 09:23 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে বুধবার বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গুলশান এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় গুলশান-২ নম্বর এলাকার ৫০ ও ৫১ নম্বর সড়কে ইনস্টার ডেভেলপার, ডেকো গ্রুপ এবং শান্তা হোল্ডিং নামে তিনটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসব ভবনের বিভিন্ন স্থান স্যাঁতসেঁতে ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

এসব কারণে তিনটি ভবন নির্মাণ প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ইনস্টার ডেভেলপারকে এক লাখ টাকা এবং ডেকো গ্রুপ ও শান্তা হোল্ডিংকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আগামী ১২ ঘণ্টার মধ্যে এসব নির্মাণাধীন ভবন পরিষ্কার করে তার ছবিসহ ভ্রাম্যমাণ আদালতের কাছে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এডিস মশার উৎস ধ্বংসে চলা অভিযানের তৃতীয় দিনে ৮৬টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় ১২টি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় সেসব ভবনের মালিকদের দুই লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত তিন দিনে ১৫৪টি ভবনে অভিযান চালিয়ে এডিসের লার্ভা পাওয়ায় তিন লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসসিসি।