ঢাকায় বাসচাপায় যুবক নিহত
ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকার হানিফ ফ্লাইওভারের ঢালে বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন।
বুধবার বিকালে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম-পরিচয় পায়নি পুলিশ; তার বয়স আনুমানিক ২২ বছর।
যাত্রাবাড়ী থানার ওসি মাযহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হানিফ ফ্লাইওভারের ঢালে টোল প্লাজার কাছে রাস্তা পার হওয়ার সময় ঠিকানা পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েন ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, ঘটনার পরপরই বাসটি আটক এবং চালক জসিম (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
