২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুল বিশ্বাসকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ

পুলিশের কাজে বাধা দেওয়ার এক মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2019, 05:08 PM

Updated : 08 Apr 2022, 04:27 PM

এ মামলায় তার জামিন আবেদনের পর সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে শিমুল বিশ্বাসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল।

মাসুদ রানা সাংবাদিকদের বলেন, ২০১৭ সালের ১৬ নভেম্বর বিএনপি চেয়ারপারসন আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় মিছিল নিয়ে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় এ মামলা করে পুলিশ।

তিনি বলেন, “এজাহারে শিমুল বিশ্বাসের নাম না থাকলেও পরে গত বছর ২০ নভেম্বর চার্জশিটে তার নাম আসে। এ মামলায় জামিন চেয়ে তিনি হাই কোর্টে আবেদন করেন।

“আদালত তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ প্রকারান্তরে তিনি দুই সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।”

পুরনো খবর:

বিএনপি নেতা শিমুল বিশ্বাস জামিনে মুক্ত