এপিএ বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগ প্রথম
বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বিদ্যুৎ বিভাগ প্রথম এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তৃতীয় হয়েছে।
এপিএ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া সনদপত্র ও ক্রেস্ট রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের হাতে তুলে দেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭-২০১৮ অর্থবছরে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় গৃহীত কার্যক্রমে বিদ্যুৎ বিভাগ ৯৮ দশমিক ১৫ নম্বর পেয়ে সব মন্ত্রণালয়-বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ওই অর্থবছরের ৪৪টি কর্ম সম্পাদন সূচকের মধ্যে ৩৯টি অসাধারণ, একটি অতি উত্তম ও তিনটিতে চলতি মান অর্জিত হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে তৃতীয় হয়েছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আগামী দিনগুলোতে জনগণকে নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে হবে। মানুষ বিদ্যুৎ পাচ্ছে কিন্তু একটু বাধাগ্রস্ত হলেই বিরক্ত হয়। এই বিরক্তি দূর করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখুন।”
কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত দক্ষতার বহুল ব্যবহারের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “কাজের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিন, ইতস্তত করে কালক্ষেপণ করা উচিত নয়।”
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যন খালেদ মাহমুদ ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এ সময় উপস্থিত ছিলেন।
