ঢাকায় ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত এবং তার আরেক সহপাঠী আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী এক্সপ্রেসের ধাক্কায় তারা হতাহত হন বলে রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ওমর ফারুক জানিয়েছেন।
নিহত নুপুর সরকার (১৫) ও শ্রাবণী মালোর বাড়ি গাজীপুরে। কোচিং করতে ঢাকায় এসেছিলেন তারা। বাড়ি ফেরার পথে ট্রেন ধরতে স্টেশনে গিয়ে ঘটে এই দুর্ঘটনা।
ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা স্টেশনের পূর্ব দিকের প্ল্যাটফর্মে ছিলেন। ট্রেন ধরতে পশ্চিম দিকের প্ল্যাটফর্মে আসার জন্য ফ্লাইওভার ব্যবহার না করে তারা নীচ দিয়ে রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢাকার বাইরে থেকে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশনে ঢুকছিল।
“ধারণা করা হচ্ছে হঠাৎ করে তারা ট্রেন দেখে আবার ফিরে আসতে চেয়েছিল। তখন দুইজনেরই চলন্ত ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়, অন্যজন আহত হয়।”
আহত শ্রাবণী মালোকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান সহকারী পুলিশ সুপার ফারুক।
