২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2019, 09:41 PM

Updated : 08 Apr 2022, 04:26 PM

শনিবার বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথের পর রাষ্ট্র ও সরকার প্রধান বৈঠক করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

সাক্ষাৎ শেষে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতে প্রধানমন্ত্রী তার চীন সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।”

গত ১ জুলাই চীন সফর করেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চীনে প্রথম সফরের শুরুতে ডালিয়ান পৌঁছান শেখ হাসিনা।

ডালিয়ানে সামার ডাভোস নামে পরিচিত ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের গ্রীষ্মকালীন সভার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি, বৈঠক করেন ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে।

সেখান থেকে বেইজিং যান শেখ হাসিনা। বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী।

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুদেশ পাঁচটি চুক্তি, তিনটি সমঝোতা ও একটি লেটার অব এক্সচেঞ্জে সই করে। চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা। সফর শেষে গত ৬ জুলাই দেশে ফেরেন শেখ হাসিনা।

রাষ্ট্র ও সরকার প্রধানের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া উপস্থিত ছিলেন।

সাধারণত বিদেশ সফর থেকে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।