চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার অঙ্গীকার থাকলেও ক্ষমতায় আসার পর কেন তা বাস্তবায়ন করা হচ্ছে সে প্রশ্ন তুলেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতারা।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সমন্বয়ক হারুন অর রশিদ এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারের ৩৩ পৃষ্ঠায় চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর ঘোষণা ছিল। তাতে বলা হয়েছিল, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসংগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু নির্বাচনের পর তা বাস্তবায়ন না করায় আমরা হতাশ।”
সংগঠনের নেতা ইমতিয়াজ হোসেন বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পরপর তিনবার সুপারিশের পরও কেন সরকার এটি উপেক্ষা করছে? আমাদের ২৮ লাখ তরুণ ছাত্রসমাজের গণদাবিকে কেন অবহেলা করা হচ্ছে?
অন্যদের মধ্যে মানববন্ধনে বিজিত শিকদার, ইউসুফ জামাল, নাসির আহমেদ, কামরুজ্জামান রিন্টু, সোনিয়া চৌধুরী, নাসরিন সুমি, শারমীন সুলতানা, ফুয়াদ আলম, কামাল হোসেন ও নাহিদা বক্তব্য দেন।
