‘ডিজিটাল বাংলাদেশ’র প্রশংসায় রানি ম্যাক্সিমা
‘ডিজিটাল বাংলাদেশ’র প্রশংসা করে আর্থিক লেনদেন ডিজিটাইজড করতে সহায়তা করতে চাইলেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা।
বুধবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এই আগ্রহের কথা জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।
চার বছর আগে বাংলাদেশ ঘুরে যাওয়া ডাচ রানি জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক ‘স্পেশাল অ্যাডভোকেট’ হিসেবে কাজ করছেন।
ইহসানুল করিম বলেন, “তিনি (ডাচ রানি) বাংলাদেশের ১৫টি ইন্ডাস্ট্রি, ই কমার্স এবং আইপে ঘুরে দেখেছেন। ডিজিটাল খাতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছেন। বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বাংলাদেশের উচ্চ সাফল্যের প্রশংসাও করেছেন তিনি।”
এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে তার সরকারের তৎপরতা ডাচ রানির কাছে তুলে ধরেন।
তিনি বলেন, “আমরা বাংলাদেশে তথ্য প্রযুক্তিকে উৎসাহিত করছি। এখানে সন্তানদের স্কুলে পাঠানো মায়েদের মোবাইলের মাধ্যমে টাকা দেওয়া হয়। শিক্ষকরাও তাদের বেতন ডিজিটাল পদ্ধতিতে উত্তোলন করেন।”
১৬ কোটি মানুষের বাংলাদেশে ১৩ কোটি মোবাইল সিম ব্যবহারে তথ্যও তুলে ধরেন সজীব ওয়াজেদ জয়।
ছবি: ইয়াসিন কবির জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ৫হাজার ১৭৪টি ডিজিটাল সেন্টার রয়েছে। নারীরাও সেটা ব্যবহার করছে। নারী উদ্যোক্তারা যেন ডিজিটাল পদ্ধতিতে তাদের ব্যবসায়িক লেনদেন করতে পারে, সেজন্য সরকার তাদের উৎসাহ দিয়ে থাকে।
এই সফরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখার পাশাপাশি অর্থনৈতিক খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন ম্যাক্সিমা।
এছাড়াও নরসিংদীর পলাশে জিন্দারি ইউনিয়ন পরিষদ এবং টাঙ্গাইলে একটি বুটিক শপ দেখতে যাবেন তিনি।
বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেওয়াসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করছেন ডাচ রানি।
