সাংবাদিক লাবলু আর নেই
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আকতারুজ্জামান লাবলু আর নেই।
প্রায় দুই মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়েছে।
লাবলুর ছোট ভাই বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১০টা ১০ মিনিটে উনার মৃত্যুর ঘোষণা দেন চিকিৎসকরা।”
তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় ভোরের কাগজ কার্যালয়ে নেওয়া হবে লাবলুর মরদেহ, সেখান থেকে ১২টায় নেওয়া হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবেও তার জানাজা হবে।
বিএসএমএমইউতে ভর্তি হওয়ার আগে দেশের বাইরে গিয়েও চিকিৎসা নিয়ে এসেছিলেন লাবলু।
চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসা চলাকালেই প্রায় দুই মাস আগে তার অবস্থার অবনতি হয়। তখন তাকে বিএসএমএমইউ’তে ভর্তি করা হয়। গত রোববার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
২০০৫ সালে লাবলু ভোরের কাগজে যোগ দেন। তার আগে তিনি দৈনিক সমাচার, বার্তা সংস্থা বিএনএসে কাজ করেছিলেন।
লাবলু অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) একাধিকবার সভাপতি নির্বাচিত হন।
তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য এবং সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ক্রাইম রিপোর্টোর্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার শোক প্রকাশ করেছেন।
