পুরুষদেরও ধর্ষণের বিরুদ্ধে ‘আওয়াজ তুলতে’ বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ষণের মত ‘জঘন্য’ অপরাধ যারা করছে, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, সরকার তা নেবে।
আর পুরুষ সমাজকেও এই ‘অমানুষদের’ বিরুদ্ধে ‘আওয়াজ তোলার’ আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।
চীন সফরের অভিজ্ঞতা জানাতে সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এসে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “দুর্ভাগ্য হলে ধর্ষণটা কিন্তু সব সময় সব দেশেই আছে। তবে এখন অন্তত একটা জিনিস… মেয়েরা সাহস করে কথাটা বলে।
“আমাদের দেশে এমন একটা সময় ছিল যখন সামাজিক লজ্জার কারণে অনেকে বলতেই পারত না। আর এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু নিচ্ছি, সঙ্গে সঙ্গে এদেরকে ধরা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে এবং এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
গত কয়েক বছরে ধর্ষণ ও যৌন নিপীড়নের বেশ কয়েকটি ঘটনা দেশের মানুষকে নাড়িয়ে দিয়ে গেছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি নিয়ে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ।
এর মধ্যেই পুরান ঢাকার ওয়ারীর বনগ্রামে গত শুক্রবার সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
মেয়েটির বাবা রোববার এক সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে বলেন, “আপনাদের যাদের মেয়ে আছে, যাদের সন্তান আছে, এইরকম কুরুচিপূর্ণ, এইরকম পশুত্বসুলভ আচরণ থেকে কীভাবে দূরে রাখা যায়, এইটা আপনারা একটু ভেবে দেখবেন।… তাদেরকে রক্ষা করার চেষ্টা করবেন। আমি হয়ত পারি নাই আমার মেয়েকে রক্ষা করতে…।”
প্রধানমন্ত্রী বলেন, “ওই যে শিশুটিকে যেভাবে ধর্ষণ করল, তাকে কিন্তু ঠিকই পুলিশ খুঁজে বের করেছে। তাকে গ্রেপ্তারও করা হয়েছে এবং সে স্বীকারও করেছে। এই ধরনের নোংরা জঘন্য কাজ যারা করছে- এরা মানুষ না। কাজেই এদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা নেব।
“আমাদের পুরুষ সমাজকেও বলব, ধর্ষণটাতো পুরুষ সমাজ করে যাচ্ছে। পুরুষ সমাজেরও একটা আওয়াজ তোলা উচিত। কেবল নারীরাই চিৎকার করে যাবে নাকি?”
প্রধানমন্ত্রীর ভাষায়, নির্যাতনকারীরা যাদের ‘স্বজাতি’, তাদেরও এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের খেলা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, চীন সফরে থাকার সময়ও তিনি খেলা দেখেছেন।
“আমি বলব, বাংলাদেশ কিন্তু খেলায় যথেষ্ট উন্নতি করেছে। নামী দামী একেকটা দলের সাথে খেলা… এটা কিন্তু কম কথা না। বাংলাদেশ দলের পারফরম্যান্স অত্যন্ত চমৎকার ছিল। তবে হ্যাঁ, এটা ঠিক, আমরা যে খেলতে পেরেছি বা এতদূর যেতে পেরেছি এটা অনেক বড় কথা “
বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বকাপে যে নৈপুণ্য দেখিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেন সরকারপ্রধান।
“সাকিব আল হাসান বিশ্বে একটা স্থান করে নিয়েছে। মুস্তাফিজ একটা স্থান করে নিয়েছে। আমি দোষ দেব না। কারণ খেলা এমন একটা জিনিস, অনেক সময় এখানে ভাগ্যও কিন্তু লাগে। সব সময় যে এক রকম হবে তা না। কিন্তু একটা সাহসী মনোভাব নিয়ে মোকাবেলা করতে পারা… আমি এটার প্রশংসা করি।”
শেখ হাসিনা প্রশ্ন করেন- “বিশ্বকাপে এতগুলো দেশ খেলল, তার মধ্যে চারটা দেশ উঠেছে সেমি ফাইনালে। আপনারা কি বলবেন বাকিরা সবাই খুব খারাপ খেলে গিয়েছে? তাহলে নিজেদেরকে নিজেরা কেন ছোট করি? আর নিজেদের এত খারাপ বলি কেন?”
প্রধানমন্ত্রীর মূল্যায়ন, বাংলাদেশের ছেলেরা বিশ্বকাপে ‘যথেষ্ট ভালো’ খেলেছে।
“তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে এসেছে। এটা ধীরে ধীরে আরো উন্নতি হবে। খালি বাংলাদেশকে দোষ দেবেন কেন? আরো ভালো ভালো দেশও তো (সেমিফাইনালে যেতে) পারিনি। তাদেরকে দোষ দেন। আমি আমার ছেলেদের কখনো নিরুৎসাহিত করি না। আমার ছেলেদের কেউ খারাপ বলতে পারবেন না।”
