হজযাত্রীদের জেদ্দার ইমিগ্রেশন এখন ঢাকায়ই হচ্ছে
জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া এখন ঢাকায় সম্পন্ন হওয়ায় হজযাত্রীদের দুর্ভোগের অবসান ঘটেছে।
বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হজ ফ্লাইট শুরুর দ্বিতীয় দিন থেকেই হজযাত্রীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই জেদ্দার ইমিগ্রেশন করতে পারছে।” সৌদি আরব থেকে আসা দেশটির ইমিগ্রেশন দলের সদস্যরা এই ইমিগ্রেশন প্রক্রিয়ার কাজ করছেন বলে জানান তিনি।
৪ জুলাই হজ ফ্লাইট শুরুর দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দার ইমিগ্রেশন করার কথা থাকলেও নেটওয়ার্ক জটিলতায় তা করা যায়নি।
ফলে প্রথম দিন বৃহস্পতিবারে চারটি ফ্লাইটে যে ১ হাজার ৬৬৮ জন পৌঁছাচ্ছেন সৌদি আরবে, তাদের সে দেশের ইমিগ্রেশন প্রক্রিয়া জেদ্দা বিমানবন্দরেই হবে।
জেদ্দা অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া শাহজালাল বিমানবন্দরে করার প্রস্তুতি থাকলেও ইন্টারনেটে ‘নেটওয়ার্ক’ জটিলতায় তা করা যায়নি বলে জানিয়েছিলেন তাহেরা খন্দকার।
যেসব দেশের অনেকে মানুষ হজ করতে যান, তারা বিশেষ ব্যবস্থায় সৌদি আরবের ইমিগ্রেশন প্রক্রিয়া নিজ দেশেই করার বন্দোবস্ত করছে। ফলে ওই সব দেশের হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে বিমানবন্দরে বসে থাকতে হয় না।
অন্যদিকে বাংলাদেশ সেই ধরনের কোনো বন্দোবস্ত না করায় জেদ্দায় পৌঁছানোর পর বাংলাদেশি হজযাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। এখন সেই বিড়ম্বনার অবসান ঘটল।
এ বছর বাংলাদেশ থেকে হজ করতে যাচ্ছেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর বিমানে যাবেন ৬৩ হাজার ৫৯৯ জন, বাকিদের পরিবহন করবে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স।
