২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাটারায় ঘরে গৃহবধূর লাশ, সন্দেহ স্বামীর দিকে

ঢাকার ভাটারায় নিজের ঘরে গলার গুনার তার পেঁচানো ও খাটের সঙ্গে হাত-পা বাঁধা এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2019, 12:11 AM

Updated : 18 Aug 2022, 05:29 PM

আয়েশা বেগম (৩০) নামে এই নারী হত্যায় তার স্বামী জসিম উদ্দিনকে সন্দেহ করছে পুলিশ।

পেশায় গাড়িচালক জসিমের দ্বিতীয় বিয়ে নিয়ে পারিবারিক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।

ভাটারা থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দেখতে পায়। পরে সুরতহাল করে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

জসিম বছর দুয়েক আগে দ্বিতীয় বিয়ে করার পর থেকে ওই স্ত্রীর সঙ্গে টাঙ্গাইলে বসবাস করেন জানিয়ে তিনি বলেন, চালকের লাইসেন্স নবায়ন করার নাম করে জসিম দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চার-পাঁচ দিন আগে ঢাকায় বোনের বাসায় ওঠে। বোনের বাসা আয়েশার বাসার কাছাকাছি।

জসিম-আয়েশা দম্পতির দুই ছেলে-মেয়ে। স্বামী চলে যাওয়ার পর বাসা-বাড়িতে কাজ করে দুই সন্তান নিয়ে থাকতেন আয়েশা।

বৃহস্পতিবার রাতে ছোট মেয়ে ফুপুর বাসায় ছিল জানিয়ে ওসি বলেন, সকাল বেলা আয়েশার আট বছর বয়সের ওই মেয়ে মায়ের ঘরে গিয়ে মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করে কান্নাকাটি করে। এ সময় আয়েশার ১১ বছরের ছেলেটি খাটে ঘুমিয়ে ছিল।

বোনের কান্নার শব্দে ঘুম থেকে উঠে সেও মাকে এই অবস্থায় দেখে চিৎকার করে কান্নাকাটি করলে আশপাশের সবাই ছুটে আসে। পরে পুলিশকে খবর দেয়।

জসিমের বোন মৌসুমী পুলিশকে বলেছেন, চালকের লাইসেন্স আনার কথা বলে ভোরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে জসিম বাসা থেকে বের হয়ে যান।

ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর জসিমের মোবাইলে ফোন করা হলে তিনি টাঙ্গাইলে আছেন বলে জানান। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

ওসি সিদ্দিক বলেন, খোঁজ নিয়ে জানা গেছে দীর্ঘদিন ধরে আয়েশার সঙ্গে জসিমের কথা না হলেও বৃহস্পতিবার রাতে বেশ কিছু সময় নিয়ে ফোনে দুইজনের মধ্যে কথা হয়।

“জসিমকে পাওয়া গেলেই হত্যার রহস্য বেরিয়ে আসবে। তাকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।”    

আয়েশার চাচাত ভাই মোহাম্মদ মামুন সাংবাদিকদের জানান, জসিম দ্বিতীয় বিয়ে করার পর আয়েশাকে ভরণপোষণ দিতেন না। নানা ভাবে অত্যাচার করতেন।

“আমাদের ধারণা, জসিমই হত্যা করেছে। তাকে গ্রেপ্তার করলে হত্যার রহস্য উদঘাটিত হবে।”